চাকরিসূত্রে ঢাকার বাইরে অবস্থানের পর ঢাকা মহানগরের বাসিন্দা হওয়ার সুবাদে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তার মধ্যে অন্যতম হলো নিয়মিতভাবে বিল পরিশোধ করা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর থেকে গ্যাসবিল পরিশোধসংক্রান্ত প্রত্যয়নপত্র না পাওয়া প্রসঙ্গে। তিতাস গ্যাসের অফিসে একাধিকবার যোগাযোগ করা হলে জানানো হয়, ডাকযোগে বাসার ঠিকানায় পাঠানো হবে। আবার যোগাযোগ করলে মৌখিকভাবে জানানো হয়, ডাক বিভাগের অবহেলার কারণে পেঁৗছায়নি এবং দু-তিন মাসের ব্যবধানে একটা সময়ের কথা উল্লেখ করে বলা হয়, অমুক দিন বা সময়ে এলে হাতে হাতে দেওয়া হবে।
এভাবে টালবাহানা করতে করতে ২০১৩ সাল শেষ হয়ে গেল, কিন্তু ২০১২ সালের কাঙ্ক্ষিত প্রতিবেদন পাওয়া গেল না। পরবর্তী সময়ে ২০১৩ সাল শেষ হলে আলোচ্য প্রতিবেদন প্রদানের জন্য আবার যোগাযোগ করা হয়। কিন্তু তা না পেয়ে ব্যবস্থাপক, তিতাস টিঅ্যান্ডটি কোং লিমিটেড, ঢাকা মেট্রো রাজস্ব বিভাগ-৬, ১৩১ সেনপাড়া পর্বতা, বেগম রোকেয়া সরিণ, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবরে লিখিতভাবে আবেদনপত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।
কিন্তু এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। প্রথমে মৌখিকভাবে বলা হয়েছিল, ২০১৩ সালের গ্যাসবিল পরিশোধসংক্রান্ত প্রতিবেদন ২০১৪ সালের মে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে। এখন আবার মৌখিকভাবে জানানো হয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে হাতে হাতে দেওয়া হবে।
তিতাস গ্যাসের অফিসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হলে প্রতিবারই ডাক বিভাগের ঘাড়ে দোষ চাপানো হয়ে থাকে।
কিন্তু আমার বাসার ঠিকানায় পাঠানো সব চিঠিপত্র ডাকপিয়ন কর্তৃক যথাসময়ে বিলি করা হয়ে থাকে। উল্লেখ্য, আবেদনপত্র পাঠালে ওয়াসার দপ্তর থেকে আলোচ্য প্রতিবেদন বাসায় পৌঁছে দেওয়া হয়। আবেদনপত্র পাঠানো ছাড়া ডেসকো অফিস থেকে স্বতঃস্ফূর্তভাবে উল্লিখিত প্রতিবেদন বাসায় পৌঁছে দেওয়া হয়ে থাকে। কিন্তু তিতাস গ্যাস অফিসের টালবাহানার কারণ বোধগম্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইসমাইল হোসেন
সাবেক রেজিস্ট্রার, রুয়েট৷