দেশের স্কুলগুলোতে গ্রন্থাগারিকের একটি পদ আছে, কিন্তু গ্রন্থাগার নেই। গ্রন্থাগারিক কেরানির কাজ করেন। তাহলে বিষয়টি দাঁড়াল কী? বলা চলে হিং টিং ছট্। এই অবস্থার অবসান দরকার। পড়াশোনার পাশাপাশি গ্রন্থাগার ব্যবহারের অভ্যাস স্কুল থেকেই গড়ে ওঠা প্রয়োজন। অথচ এই অতিপ্রয়োজনীয় কাজই যুগের পর যুগ উপেক্ষিত হচ্ছে আমাদের দেশে। এর ফলে দুর্বল ভিত নিয়ে তৈরি হচ্ছে শিক্ষার্থীরা, বিশেষ করে বিজ্ঞান বিষয়ে যারা পাঠ নিচ্ছে, তারা। কারণ, স্কুলপর্যায়ে থেকে গ্রন্থাগারমুখী ও বিজ্ঞানাগারমুখী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারলে তাদের ভিত শক্তপোক্ত হয়, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার্থী নয়, প্রয়োজন প্রায়োগিক জ্ঞানের অধিকারী শিক্ষার্থী।
শিক্ষার মূল উদ্দেশ্য যদিও তা-ই, কিন্তু সেই উদ্দেশ্যের অনুসরণ যেন এ দেশের স্কুলগুলো ভুলে গেছে। স্কুল থেকে কাবস্কাউট উঠে গেছে প্রায়। বার্ষিক ক্রীড়া বা সাংস্কৃতিক উৎসবের কথা প্রায় শোনাই যায় না। কেবলই কোচিং আর প্রাইভেট পড়া হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের জীবন। ব্যবহারিক ও প্রায়োগিক জ্ঞানবঞ্চিত যে প্রজন্ম তৈরি হচ্ছে, সেই প্রজন্ম আত্মস্বার্থসর্বস্ব হয়ে গড়ে উঠছে। এটা কোনোমতেই কাম্য হতে পারে না।
তাই শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার, বিজ্ঞানাগার, কাবস্কাউটিং, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন প্রভৃতি বাস্তবায়নের মধ্য দিয়ে মানবিক শিক্ষার্থী তৈরির জন্য অনুরোধ করছি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি।
জেরিন তাসনিম, মগবাজার, ঢাকা।