গ্রামাঞ্চলে বিদ্যুতায়নকে উন্নয়নের একটা লক্ষ্য ও মানদণ্ড হিসেবে ধরা হয়েছিল৷ কিন্তু এখন গ্রামাঞ্চলেই বিদ্যুৎ সরবরাহে ঘাটতি বাড়ছেই৷ গ্রাম-শহরে এবং গ্রামের মধ্যেই বিদ্যুতের এই বৈষম্যের সুযোগে একশ্রেণির নেতা-কর্মচারী বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে আর্থিক প্রতারণায় জড়িত হচ্ছেন৷ বৈষম্য ও প্রতারণা দুই বিষয়েই বিদ্যুৎ মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের করণীয় রয়েছে৷
গ্রামাঞ্চলের বিদ্যুতায়নকে ‘আলোকিতকরণ’, উন্নয়ন, সভ্যতার প্রসার ইত্যাদি অভিধায় অভিহিত করার চল শুরু হয় গত শতকের ষাটের দশক থেকে৷ কিন্তু এখন অবধি বিদ্যুতের আলো বাংলাদেশের সব গ্রামকে আলোকিত করতে পারেনি৷ গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুতের বৈষম্য রয়েছে, আবার গ্রামের মধ্যেও রয়েছে বিদ্যুৎ পাওয়া ও না-পাওয়ার বৈষম্য৷ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এক সভায় এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) অধিকাংশ মহাব্যবস্থাপক (জিএম) অভিযোগ করেছেন যে নতুন লাইন স্থাপন ও নতুন সংযোগের কথা বলে কোনো কোনো জনপ্রতিনিধি ও সরকারি দলের নেতা গ্রামের মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিচ্ছেন৷ এর সঙ্গে ঠিকাদার ও আরইবির কিছু কর্মকর্তাও জড়িত৷ খোদ ঢাকা শহরে বস্তি এলাকায় চোরাই বিদ্যুতের সংযোগের ব্যবসা রয়েছে৷ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় ক্যাডারদের মাধ্যমে এ ধরনের বিদ্যুৎ-ব্যবসা চলে বলে অভিযোগ৷ গ্রামাঞ্চলেও একই ধারার কার্যকলাপ আরম্ভ হয়েছে৷ একদিকে গ্রামে লোডশেডিং যেমন বেশি, তেমনি লোডশেডিংয়ের বাস্তবতায় বিদ্যুৎ নিয়ে অসাধু কার্যকলাপও বাড়ছে৷
বিদ্যুৎ নিয়ে সংঘাতের ঘটনাও ঘটছে৷ সম্প্রতি রাজধানীর িমরপুরের বিহারি ক্যাম্পের বিদ্যুৎ নিয়ে টানাটানির জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে৷ সুতরাং বিদ্যুতের অবৈধ ব্যবসা এবং বিদ্যুৎ পাওয়ার প্রতিযোগিতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগের বিষয়৷ বিদ্যুতের জোগান যেহেতু রাতারাতি বাড়ানো সম্ভব নয়, সেহেতু এ খাতে কঠোর নিয়মশৃঙ্খলার প্রয়োজন রয়েছে৷ রাজনৈতিক বিবেচনায় বিদ্যুতের বণ্টনের সুযোগ বন্ধ করা, অবৈধ সংযোগদাতাদের ঠেকানো এবং অগ্রাধিকার বিবেচনায় বিদ্যুতায়নের নীতি নেওয়ার দরকার৷
বিদ্যুতের গুরুত্ব গ্রামেও যেমন বেড়েছে, তাতে গ্রামের চাহিদা বেশি দিন ঠেকিয়ে রাখা সম্ভব হবে না৷ উৎপাদন বাড়ানো এবং বৈষম্য দূর করা একে অন্যের ওপর নির্ভরশীল৷ তাই বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করে এ খাতের সক্ষমতা বাড়ানোর দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের৷