গ্রামীণ উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দেশের যদি সত্যিকার অর্থে উন্নয়ন করতে হয়, তাহলে অবশ্যই গ্রামীণ পর্যায়ের উন্নয়ন সবার আগে দরকার। আমাদের দেশের গ্রামগুলো শহরের তুলনায় সুযোগ-সুবিধার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য গ্রাম পর্যায়ের বলিষ্ঠ নেতৃত্বের খুবই প্রয়োজন। কারণ, একজন সুদক্ষ ও দায়িত্বজ্ঞানসম্পন্ন ব্যক্তি ছাড়া শুধু তাঁর গ্রাম নয়, বরং আশপাশের গ্রামও উন্নয়নের ছোঁয়া পায়। এ বছরের ৩১ আগস্ট প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘১৭৫ নারী ও একজন সাদেকা’ বিশেষ প্রতিবেদনটি পড়ে অভিভূত হয়েছি। একজন নারী কীভাবে নিজের কল্যাণের পাশাপাশি অন্য নারীদের কল্যাণ করতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সাদেকা আক্তার। রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নারীরা এখন সাদেকা আক্তারের নেতৃত্বে নিজের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন। গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার পথও তিনি দেখিয়েছেন। প্রায় দেড় শ গৃহবধূ স্বাবলম্বী হয়েছেন তাঁর মাধ্যমে। তিনি নারীদের নিয়ে একটি সমিতি করেছেন। এই সমিতির মাধ্যমে শাড়িতে নকশার কাজ ছাড়াও মাছ, সবজি, কলা, আদা চাষ করা হচ্ছে। সমিতিতে ‘মা দল’ তৈরি করেছেন। এই দল জন্মনিয়ন্ত্রণ, শিশুদের টিকা সম্পর্কে ধারণা দেন। এ ছাড়া এই দল বহু বিয়ে ও বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এ ছাড়া এই সমিতির অধীনে একটি শিক্ষাকেন্দ্র রয়েছে। সাদেকার স্বপ্ন আরও সুদূরপ্রসারী। তিনি স্বপ্ন দেখেন নারীদের জীবনে দুঃখ মোচন করা এবং শাড়িতে নকশার কাজে অন্য গ্রামের নারীদের যুক্ত করা। পুরো উপজেলার নারীদের সংগঠিত করে সাধারণ ও কারিগরি শিক্ষা দেওয়ার। সাদেকার মতো এ দেশের অন্য প্রতিষ্ঠিত নারীরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অবশ্যই এ দেশের গ্রামীণ উন্নয়ন সম্ভব। বিশেষ করে শহরের প্রতিষ্ঠিত ও শিক্ষিত নারীরা যদি নিজ গ্রামে গিয়ে অন্য নারীদের বিভিন্ন পরামর্শ দেন এবং সক্রিয় কাজে অংশগ্রহণ করেন, তাহলে এ দেশ ঘুরে যেতে বাধ্য।
আমরা চাই, সাদেকার এসব দৃষ্টান্ত অন্য নারীরাও অনুসরণ করবেন এবং নিজের ও অন্যের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হবেন।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা করপোরেশন।