প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-সাংসদেরা বিভিন্ন জনসভায় উচ্ছ্বসিতভাবেই সরকারের উন্নয়নের ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরছেন। ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই সরকারের উন্নয়নের একটি তালিকা জনগণের সামনে তুলে ধরেন। এই তালিকায় সাফল্যের শীর্ষে অবস্থানকারী খাত হচ্ছে বিদ্যুৎ।
প্রধানমন্ত্রী ঢাকায় থাকেন। সাংসদ-মন্ত্রীরাও অভিজাত এলাকায় থাকেন। সেখানে তো আর লোডশেডিং হয় না। এ জন্যই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সব পর্যায়ের নেতা-নেত্রীরা বিদ্যুতের উন্নয়নের সাফল্যগাথায় ঘি ঢালছেন।
কিন্তু লোডশেডিং কী এবং কত প্রকার, তা কেবল আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝি। আগে লোডশেডিংয়ের একটা শিডিউল ছিল। কখন আসবে আর কখন যাবে আমরা জানতাম। এখন আর কোনো শিডিউল নেই। সন্ধ্যা ছয়টায় গেলে আবার কখন আসবে, তা বিদ্যুৎ অফিসের লোকেরাও বলতে পারেন না।
আমাদের এখানে পিকআওয়ার কিংবা অফ পিকআওয়ার বলে কিছু নেই। ভোরেও যখন লোডশেডিং হয়, তখন বিদ্যুৎ বিতরণের অবস্থা কতটা করুণ, তা বলার অপেক্ষা রাখে না।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা অচিরেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী দেশের মালিক হচ্ছি।’ গ্রামাঞ্চলের সাধারণ মানুষের পক্ষে আমার প্রশ্ন, বিদ্যুতের এই যে বাড়তি উৎপাদনের কথা বলা হচ্ছে, সেটা কি আপনাদের জন্যই, নাকি আমরাও কিছু পাব?
প্রচণ্ড গরমে রাতে মানুষ ঘুমাতে পারছে না। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এবং কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজকর্ম করতে পারছে না। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আমরা কি অবহেলার পাত্র হয়েই থাকব?
মো. জাহাঙ্গীর হোসেন, মেঘনা, কুমিল্লা।