ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটি চার লেনে উন্নীত করতে পাশে জমি অধিগ্রহণ করা প্রয়োজন। সরকার যেসব ব্যক্তির জমি অধিগ্রহণ করবে, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। ফাঁকা জমির ক্ষতিপূরণের চেয়ে সেসব জমির ক্ষতিপূরণের অঙ্ক বেশি হবে, যেগুলোয় ঘরবাড়ি বা অন্যান্য স্থাপনা আছে। শিগগিরই অধিগ্রহণের কাজ শুরু হবে—এই খবরে মহাসড়কের পাশের জমিগুলোয় ঘর তৈরির হিড়িক পড়ে গেছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত দ্বৈত রেললাইন স্থাপনের প্রকল্পের যেসব জমি অধিগ্রহণ করা হতে পারে, সেগুলোতেও শুরু হয়েছে ঘর তৈরির হুজুগ।
ভাবতে অবাক লাগে, সাধারণ মানুষের মধ্যে এ রকম অনৈতিক লোভ কাজ করতে পারে। কিন্তু তার চেয়েও গুরুতর অভিযোগ হলো, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সঙ্গে যোগসাজশ করে ফাঁকা জমিতে যেনতেনভাবে ওই সব ঘর তোলা হচ্ছে। কারা জমির ক্ষতিপূরণ প্রাপকদের তালিকাভুক্ত হবেন, সেটা নিয়েও নাকি যোগসাজশ চলছে। সংবাদমাধ্যমে এসব খবর প্রকাশের পর আপাতত নতুন ঘর তৈরি বন্ধ আছে, কিন্তু অচিরেই যে আবার তা শুরু হবে না, তা নিশ্চিত করবে কে? বড় রাষ্ট্রীয় প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ শুরু হলেই কিছু মতলববাজ লোক বাড়তি ক্ষতিপূরণ আদায়ের লোভ দেখিয়ে জমির মালিকদের ঘরবাড়ি তৈরিতে প্ররোচিত করে নিজেদের পকেট ভারী করেন।
সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হোক, যাঁরা শুধু বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার লোভে ফাঁকা জমিতে এখন ঘর তুলছেন, তাঁরা ঘরের জন্য ক্ষতিপূরণ পাবেন না। জমি অধিগ্রহণের লক্ষ্যে জরিপের কাজ শুরু হওয়ার পর যেসব ঘর তৈরি করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে রাখা হোক। প্রকল্প এলাকার কোথায় কী স্থাপনা রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ জরিপ সুষ্ঠুভাবে সম্পন্ন করা জরুরি। স্যাটেলাইটের মাধ্যমে পুরো প্রকল্প এলাকার ছবি তুলে রাখা উচিত। জমি অধিগ্রহণ বাবদ ন্যায্য ক্ষতিপূরণ সুষ্ঠুভাবে প্রদান করা যেমন জরুরি, তেমনি অযৌক্তিকভাবে ব্যয় বেড়ে যাওয়াও ঠেকানো প্রয়োজন।