ঘুষখোরদের জায়গা সরকারি দপ্তর নয়, কারাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির ক্ষেত্রে তদবির, দলীয়করণ, পক্ষপাতিত্ব মোটামুটি প্রতিষ্ঠিত ব্যাপার। খাদ্য অধিদপ্তর এই প্রতিষ্ঠিত ব্যাপারটিকে মোটামুটি একটা নিয়ম হিসেবে দাঁড় করিয়েছে। এই ‘নিয়ম’-এর প্রধান বৈশিষ্ট্য হলো, যোগ্যতা পরীক্ষার বদলে ঘুষের পরীক্ষাকে প্রতিষ্ঠিত করা। ১০টি শ্রেণীর এক হাজার ৫৫৩টি পদে লোক নিয়োগের পদ্ধতি হিসেবে পদ অনুসারে ঘুষের হার ঠিক করা হয়েছে। খাদ্য পরিদর্শক পদে ঘুষের পরিমাণ ১০ লাখ ও  উপখাদ্য পরিদর্শকের পদে আট লাখ টাকা। এভাবে পদ অনুসারে ঘুষের পরিমাণ ঠিক করা হয়েছে। তবে, মুক্তিযোদ্ধা কোটায় থাকলে দুই-তিন লাখ টাকা ছাড়। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী চাকরি নামক ‘পণ্য’ বিক্রির এই কাজটি করছেন স্বয়ং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এত বড় দুর্নীতি যেহেতু একাই করা সম্ভব নয়, সেহেতু ঊর্ধ্বতন ও অধস্তন বেশ কিছু কর্মকর্তাকেও যুক্ত করা হয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে ঘুষ দেওয়া-নেওয়ার যে আলামত প্রকাশিত হয়েছে, তাতে ঘটনাটা অস্বীকারের সুযোগ নেই।

একেকজন প্রার্থীর জন্য ৫ থেকে ১০ লাখ টাকা করে নিলে এক হাজার ৫৫৩ জনের জন্য কত টাকার ঘুষ লেনদেন হয়েছে? টাকার অঙ্কটা যত বিরাট, দুর্নীতির শিকড়বাকড়ও ততই জোরদার ও গভীর। সুতরাং সরকারের তরফে সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।  পাশাপাশি ঘুষনির্ভর নিয়োগ-প্রক্রিয়া বাতিল করে ওই পদগুলোতে যোগ্যতার পরীক্ষার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার ব্যবস্থাও করতে হবে। এত বড় দুর্নীতির হোতাদের স্থান উচ্চ পদে নয়, কারাগারে।