বৃক্ষের পরিচয় যেমনি ফলে, তেমনি ছাত্রদলের পদপ্রার্থীদের পরিচয় তাঁদের ভাঙচুর-সন্ত্রাসে। চট্টগ্রামে ছাত্রদলের নবগঠিত মহানগর কমিটিতে ঠাঁই হয়নি যাঁদের, তাঁরা তাঁদের অভিমান প্রকাশ করেছেন বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ককটেল ফাটানো এবং আগুন লাগিয়ে। ছড়াকার সুকুমার রায় দুটি চরিত্র সম্পর্কে বলেছিলেন, ‘একটা পাগল আরেকটা তো পাষণ্ড’। ছাত্রদের দল বলে বড়াই করা ছাত্রদলের নবগঠিত কমিটির অধিকাংশ সদস্যই অছাত্র পিতা; আর বিক্ষুব্ধ পদবঞ্চিতরা তো কাজের মাধ্যমেই নিজেদের চরিত্রটা বুঝিয়ে দিয়েছেন।
পালা করে ক্ষমতায় আসা-যাওয়া করা বড় দুটি দলের সহযোগী সংগঠনগুলোর অধিকাংশ নেতাই এই প্রকৃতির। কমিটিতে স্থান পাওয়ার জন্য এসব নেতার জনপ্রিয়তা বা কর্মদক্ষতার প্রমাণ দিতে হয় না। পদ অর্জনের আগে তাঁদের বড় নেতাদের মন জয় করতে হয়। পেশিশক্তি ও গ্রুপবাজি তাঁদের প্রাথমিক যোগ্যতা, দ্বিতীয় যোগ্যতা অর্জিত হয় প্রভাবশালী নেতাদের খুশি করার মাধ্যমে। ছাত্রনেতা হয়ে ওঠার এই দীর্ঘ প্রক্রিয়ায় তাঁরা বয়স হারিয়ে ফেলেন, ছাত্রত্ব শেষ করে ফেলেন। দৃশ্যত ছাত্র ও তরুণ থাকা ছাত্রদল ও ছাত্রলীগের মতো সংগঠনে একটি ঐতিহ্যবাহী ‘অযোগ্যতা’। কিন্তু ‘যোগ্যদের’ মধ্যেও অনেকে বঞ্চিত হন খুঁটির জোর না থাকার কারণে। চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে হামলাকারীরা সেই দলে পড়েন। হামলা-ভাঙচুরের মাধ্যমে তাঁরা আসলে প্রমাণ করেছেন, তাঁদের যোগ্যতা কিছুমাত্র কম নয়। তাঁরাও সন্তানের পিতা এবং তাঁদের পাত্তা না দিলে ওলটপালট করার ক্ষমতা তাঁরা রাখেন। অভিজ্ঞতা বলে, সন্ত্রাসে সামর্থ্যবানদের হাতে রাখতে তখন তাঁদেরও কমিটিতে স্থান দেওয়া হয়। এভাবেই রচিত হয়ে চলেছে আমাদের ছাত্ররাজনীতির প্রধান দুই সংগঠনের ‘গৌরবের’ ইতিহাস।
প্রশ্ন হচ্ছে, আর কতকাল চলবে? গণতন্ত্রের ধ্বজাধারী রাজনৈতিক দলগুলো এভাবে সন্ত্রাসীদের নেতা বানিয়ে ছাত্রসমাজ তথা সমগ্র সমাজের ওপরই সন্ত্রাসী, বখাটে, কুলাঙ্গারদের ভার চাপিয়ে দেন। এটাকেই তাঁরা ছাত্ররাজনীতি বলতে চান। অথচ, এসব সন্ত্রাসী নেতার দাপটে সত্যিকার ছাত্র আন্দোলন ও প্রকৃত ছাত্রনেতাদের আবির্ভাব কঠিন হয়ে যায়। ছাত্ররাজনীতির নামে এই অভিশাপ যে আর চলতে পারে না, ছাত্রদলের কীর্তিকারখানা সেটাই জানিয়ে গেল।