চট্টগ্রামে কমিউনিটি পুলিশের কার্যক্রম এখন নেই বললেই চলে। যাত্রা শুরুর প্রায় দুই বছরের মাথায় এর কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কমিউনিটি পুলিশের তৎপরতা। অথচ শুরুতে এর ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
পাড়া-মহল্লাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, বিশেষ করে বখাটেদের উৎপাত, মাদক ব্যবসা, কিশোর অপরাধ কমাতে এবং অসামাজিক কার্যকলাপ রোধে এটি পুলিশের একধরনের কৌশল বলা হলেও এর কার্যক্রমে এখন কোনো গতি নেই বললেই চলে। অথচ রাজধানী ঢাকায় কমিউনিটি পুলিশের পাশাপাশি বিট পুলিশিং ব্যবস্থাও জোরদার রয়েছে।
চট্টগ্রাম মহানগরেও কমিউনিটি পুলিশিংয়ের যাত্রার শুরুতে বেশ সুফল পাওয়া গিয়েছিল। পাড়া-মহল্লাগুলোতে যেসব স্থানে পুলিশের উপস্থিতি কম, সেসব স্থানে অপরাধীদের তৎপরতা অনেকাংশে কমে আসছিল। জনসচেতনতার অভাবে এবং নানামুখী চাপে বর্তমানে এর কার্যক্রমে ভাটা পড়েছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে পাড়া-মহল্লাগুলোতে যে হারে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে, তা সামাল দিতে পুলিশ অনেকটা হিমশিম খাচ্ছে।
কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সক্রিয় থাকাকালে অপরাধীরা অপরাধ করতে কিছুটা হলেও ভয় পেত। ‘জনতাই পুলিশ-পুলিশই জনতা’ স্লোগান নিয়ে যাত্রার শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন সিএমপি কমিশনার বলেছিলেন, জনগণের সহায়তা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। সে জন্য জনগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করা হয়েছে। ওই সময়ে সিএমপির ১২টি থানা এলাকার পাড়া-মহল্লায় পুরোদমে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়। তখন পাড়া-মহল্লায় কোনো অপরাধ সংঘটন হওয়ার আগেই নিজ নিজ থানায় খবর পৌঁছে যেত। তাই ওই সময়ে অপরাধপ্রবণতা অনেকটা কম ছিল। তখন সিএমপির পক্ষ থেকে কমিউনিটি পুলিশকে পুরস্কৃত করে এ কাজে উৎসাহিত করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পাড়া-মহল্লাগুলো হয়ে উঠছে অপরাধপ্রবণ এলাকা।
এ অবস্থায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সক্রিয় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে—এ প্রত্যাশা সবার।
মো. এনামুল হক
চট্টগ্রাম।