চট্টগ্রামের জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বছর ধরে চট্টগ্রাম নগরবাসীর এক নম্বর সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই ওই নগরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবনে ভোগান্তি ডেকে আনে। সর্বশেষ দেখা গেল, দুই দিনের টানা বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকা পানির নিচে চলে গেছে। রাস্তাঘাটে হাঁটু-কোমর উচ্চতার পানি জমেছে, পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়িতে। দেয়াল ধসে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। ফলে যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টিসহ জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উদ্বেগের বিষয় হচ্ছে, বৃষ্টি থেমে যাওয়ার পরেও নিচু এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকে এবং তার ফলে কাঁচা ঘরবাড়ি ও আশপাশের পাহাড়-টিলাগুলোতে ধস নামার ঝুঁকি বেড়ে যায়৷
চট্টগ্রাম নগরের এই দুর্দশার প্রধান কারণ তার পানিনিষ্কাশন–ব্যবস্থার প্রায়-অকার্যকারিতা। কর্ণফুলী নদী, ছোট-বড় অনেক খাল ও অদূরে বঙ্গোপসাগর—প্রাকৃতিকভাবে এমন সমৃদ্ধ নগর চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই পানি আটকে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়া বিস্ময়কর। অপরিকল্পিত ও নৈরাজ্যকর নির্মাণযজ্ঞের মধ্য দিয়ে মানুষ ওই নগরের স্বাভাবিক পানিনিষ্কাশন–ব্যবস্থা দিনে দিনে ধ্বংস করেছে। অথচ চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর, বাণিজ্যিক রাজধানী এবং সবচেয়ে বড় বন্দরনগর, যার রয়েছে একটি শক্তিশালী সিটি করপোরেশন ও নগর উন্নয়ন কর্তৃপক্ষ৷ চট্টগ্রাম নগরের অধিবাসীরা ভোট দিয়ে সিটি করপোরেশনের নেতৃত্ব নির্বাচন করেন, যেমনটি তাঁরা করেছেন বর্তমান মেয়র মন্জুর আলমকে। ২০১০ সালের জুনে অনুষ্ঠিত সেই নির্বাচনের আগে তিনি চট্টগ্রামবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলেন, সেগুলোর শীর্ষে ছিল জলাবদ্ধতা দূর করা। নগরবাসীরও এক নম্বর প্রত্যাশা ছিল সেটাই। কিন্তু তারপর চার বছর পেরিয়ে গেছে, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা দূর হওয়া দূরের কথা, সমস্যাটি যে আরও প্রকট হয়েছে, সাম্প্রতিক বৃষ্টিতে তার প্রমাণ মিলেছে।
মেয়র মন্জুর আলম তাঁর এক নম্বর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কোনো চেষ্টাই করেননি—এমন অভিযোগ চট্টগ্রামে বহুল উচ্চারিত। আবার একই সঙ্গে এমন ধারণাও প্রবল যে জলাবদ্ধতা দূরীকরণের জন্য ড্রেনেজ মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সরকার সিটি করপোরেশনকে দেয়নি; যদিও মেয়র নিজে এমন অভিযোগ উচ্চারণ করেননি। কিন্তু মেয়র বিরোধী বিএনপির একজন নেতা, আর সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। তাই চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সঙ্গে ‘বিমাতাসুলভ’ আচরণের সাধারণ অভিযোগ বোধগম্য হলেও কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
মেয়র মন্জুর আলম চট্টগ্রাম নগরবাসীর নির্বাচিত প্রতিনিধি। নগরবাসীর স্বার্থে সরকারের কাছে প্রয়োজনীয় অর্থের দাবি জানানো এবং তা আদায় করায় কেন তিনি কুণ্ঠিত হবেন? এ ক্ষেত্রে তাঁর ব্যর্থতা নগরবাসী কেন মেনে নেবে? আর সরকারই বা কোন যুক্তিতে মেয়র মন্জুর আলমের নেতৃত্বাধীন সিটি করপোরেশনকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে না? দলীয় রাজনৈতিক বিবেচনা তো এখানে কোনো যুক্তিসংগত বিবেচনা হতে পারে না। সবকিছুর ওপরে বিবেচ্য নগরবাসীর স্বার্থ, সেটা দেখার দায়িত্ব সিটি করপোরেশনের পাশাপাশি সরকারেরও বটে।