চন্দ্রগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলার গেট বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ-সংযোগও অফ করে দেওয়া হয়েছে প্রায় আধঘণ্টা আগে। হিসাবপাতি গুছিয়ে স্টলের কর্মীরা বিদায় নিয়েছেন। আমি বন্ধ গেট পার হয়ে ঢুকে পড়লাম। আমার মোবাইল ফোন একটা স্টলে ফেলে রেখে এসেছি।
এই রকম ফাঁকা মেলায় এর আগে কোনো দিনও আসিনি। এই অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন। ফাঁকা মেলায় হাঁটছি। হাঁটতে হাঁটতে উদ্দিষ্ট স্টলের সামনে এসে দাঁড়ালাম। সামনের পর্দা সরিয়ে উঁকি দিলাম ভেতরে।
ভেতরটা অন্ধকার। কিন্তু মোবাইল ফোনটা দেখা যাচ্ছে। একটা কল এসেছে। তাই আলো উঠেছে জ্বলে। আর রিং শোনা যাচ্ছে। আমি ফোনটা হাতে নিলাম। ৪০০ থেকে কলটা এসেছে। এই ধরনের অদ্ভুত নম্বরের কল ধরব কি না বুঝছি না। অনেক সময় বিদেশ থেকে কল আসে, ধরলে টাকা কাটা যায়। না ধরেই ফোনটা পকেটে পুরলাম।
বেরিয়ে আসব। এমন সময় দেখি আরেকটা কোণ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। একটু চমকে উঠলাম। একটুখানি ভয়ও পেলাম। এগিয়ে গিয়ে দেখি, জীবনানন্দ দাশের কবিতার বই। তা থেকে আলো বেরোচ্ছে।
বইটায় হাত দিতেই...
আমি ভূতগ্রস্তের মতো হাঁটছি। বইমেলায় কোনো আলো নেই। আকাশে একটা চাঁদ। সেই চাঁদের আলোয় আমি বুঝি গ্রস্ত হয়ে গেছি। জীবনানন্দ দাশের সঙ্গে দেখা হয়ে গেল। সেই দোহারা গড়ন, ভরাট মুখ, বড় বড় চোখ।
আমি বললাম, আপনার হাঁটার অভ্যেসটা এখনো রয়ে গেছে দেখছি।
তিনি মৃদু হাসলেন। আমি চাঁদের আলোয় দেখতে পেলাম, তাঁর চোখের কোণে বিষণ্ন হাসি।
আমি বললাম, হাঁটতে হাঁটতেই একদিন আপনি বলেছিলেন আপনার সঙ্গী এক লেখককে, আমার লেখাগুলো কি আদৌ কিছু হয়েছে?
তিনি বিব্রত হলেন বলে মনে হলো। আপনাকে শনিবারের চিঠিতে খুব গালিগালাজ করা হতো, তাই না?
তিনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনার মৃত্যুর পরে কবি বুদ্ধদেব বসু গিয়েছিলেন সুধীন্দ্রনাথ দত্তর কাছে। একটা স্মরণিকা বের করা হবে আপনার ওপরে। সেটার জন্য লেখা চাইতে। সুধীন্দ্রনাথ দত্ত বলেছিলেন, যে কবি নয়, তার জন্য স্মরণিকা বের করার দরকার কী!
জীবনানন্দ দাশের মুখটা মলিন হয়ে গেল। আমি বললাম, আপনার মৃত্যুর ৬০ বছর পরে আপনি জেনে রাখুন, প্রিয় কবি জীবনানন্দ দাশ, আপনার সেই সব দুরূহ পঙিক্তমালা আজ বাঙালির বাগধারার অংশ হয়ে গেছে। আপনার কল্পিত চরিত্র বনলতা সেন নিজে শুধু বিখ্যাত হয়নি, নাটোরকেও বিখ্যাত করে দিয়েছে। এখন লোকে নাটোরে গেলে বনলতা সেনের বাড়ি খোঁজে। আপনার ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ কিংবা ‘আবার আসিব ফিরে’ এখন প্রবাদের মতো ফেরে মানুষের মুখে মুখে। এটা এখন নিঃসন্দেহে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আপনি শুধু বাংলার নন, পৃথিবীরই শ্রেষ্ঠ কবিদের একজন। আপনি যে মৃত্যুর আগে বারবার বলতেন, প্রেমেন আসেনি, প্রেমেন আসেনি, প্রেমেন্দ্র মিত্র বা সুধীন্দ্রনাথের চেয়েও আজ আপনার প্রতিষ্ঠা অনেক বেশি।
তাঁর মুখ দেখে বোঝা গেল, তিনি ভীষণ বিব্রত বোধ করছেন।
তিনি বললেন, আজকে আমি চলি। আমার হাঁটার মধ্যে বিরতি দিতে চাই না।
পকেটে রিং বাজছে। বাসা থেকে কল। ধরতে হবে। আমি ধাতস্থ হলাম।
এটা কি হতে পারে যে জীবনানন্দ দাশ বইমেলায় আসতে পারেন? এলে তিনি শঙ্খচিল কিংবা শালিকের বেশে আসবেন, নাকি!
আমার মনে হতে লাগল, সশরীরে না হলেও তো বইমেলায় আমাদের শ্রেষ্ঠ লেখকেরা আছেন। তাঁদের বই থাকা মানেই তো তাঁদের নিজেদের থাকা।
এইখানে আছেন রবীন্দ্রনাথ। তাঁর গল্পগুচ্ছ, তাঁর সঞ্চয়িতা, তাঁর গীতবিতান, তাঁর উপন্যাস সমগ্র, প্রবন্ধ সমগ্র নানা কিছু নিয়ে।
আমি বিড়বিড় করে বলতে লাগলাম, প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাকে বাঙালি কম দুঃখ দেয়নি। আপনার লেখাকে মনে করা হতো হালকা। রেডিওতে আপনার গান বাজানো হতো না লঘুতা বা অশ্লীলতার দোষে। যখন প্রচার শুরু হলো, তখনো বলা হতো, এখন শুনবেন লঘুসংগীত। আপনার প্রকাশিত লেখা তখনকার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু তুলে দিয়ে বলা হয়েছিল, নিচের অনুচ্ছেদের ভুলগুলো সংশোধন করো। আপনার সেসব বেদনার কথা আপনি নানাভাবে লিখে গেছেন। নোবেল পুরস্কার না পেলে বাঙালি বোধ হয় আপনাকে ছিঁড়েখুঁড়ে খেত।
আমার মনে হলো, আমার পেছনে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে, তিনি বলছেন, ‘এই করেছ ভালো, নিঠুর হে, এমনি ক’রে হূদয়ে মোর তীব্র দহন জ্বালো।’
আমি বললাম, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। মনে হলো, তিনি সায় দিলেন। আমি বললাম, আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে বাঙালি সম্পর্কে যা বলেছিলেন, তা কিন্তু আজও সমান প্রাসঙ্গিক: ‘আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভূরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া ওঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হূদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। কারণ, সর্ব বিষয়েই তিনি ইহাদের বিপরীত ছিলেন।’
বলতে বলতে আমি ঘুরে দাঁড়ালাম। আমার মনে হলো, রবীন্দ্রনাথের মতোই কেউ একজন ওই মাথায় একটা স্টলের আড়ালে চলে গেলেন। চাঁদের আলোয় তাঁর ছায়াখানি দ্রুত অপসৃত হলো। আমার মনে হলো, আমার নজরুল মঞ্চে যাওয়া দরকার। আমি সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে বেরিয়ে এলাম।
তারপর ঢুকে পড়লাম বর্ধমান হাউসে। সেখানে নজরুল মঞ্চে দেখি, নজরুলের ভাস্কর্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন কাজী নজরুল, যেমনভাবে কামানের গায়ে হেলান দিয়ে একদা তিনি দাঁড়িয়েছিলেন।
তিনি সোজাভাবে দাঁড়ালেন, গমগমে গলায় বলে উঠলেন,
বল বীর—
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নত শির ওই শিখর হিমাদ্রির!
আমি বললাম, কবি, আপনার বিদ্রোহ স্বভাবটা আজও গেল না। আপনি কি জানেন আপনি বাংলাদেশের জাতীয় কবি?
তিনি বললেন, তাই নাকি! তাহলে তোমরা সবাই আমার কবিতা নিয়মিত পড়ছ। বাংলাদেশের শিক্ষিত মানুষেরা আমার কবিতা পড়েন। তারা কি আমার বিদ্রোহী কবিতাটা সম্পূর্ণ পড়েছে। পড়ে হূদয়ে ধারণ করেছে।
আমি বললাম, সবাই না হলেও কেউ কেউ নিশ্চয়ই পড়েছে। পড়লে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু ক্রিয়া ঘটেছেই।
তিনি মৃদু হেসে বললেন, মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত,

আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,...
আবার পকেটের মোবাইল বেজে উঠল। আমি তাকিয়ে দেখি, তিনি নেই। কিন্তু আমার মনে হতে লাগল, এই খাঁ খাঁ শূন্য বইমেলায় এই রাতের বেলায় এই চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে থাকলে আমি দেখতে পাব আমাদের শ্রেষ্ঠ মানুষগুলোকে, দেখতে পাব জসীমউদ্দীনকে, দেখতে পাব সৈয়দ ওয়ালীউল্লাহকে, হয়তো এসে দাঁড়াবেন তারাশঙ্কর, বিভূতিভূষণ, মাহমুদুল হক, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ।
আমি বর্ধমান হাউসের বারান্দায় গিয়ে উঠলাম। ফাল্গুন মাস। দখিনা হাওয়া বইছে। আমার কেমন যেন লাগছে...

আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।