উপকূলীয় ভোলা জেলার চরফ্যাশনের দুটি ইউনিয়নের মানুষের দুর্দশার খবর গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবন ও নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। তারা তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
অস্বাভাবিক জোয়ারের কারণ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক, যার ওপর আমাদের কোনো হাত নেই। কিন্তু বন্যানিয়ন্ত্রণ বাঁধ না থাকা ও ক্ষতিগ্রস্ত বাঁধ যথাসময়ে মেরামত করতে না পারার যে ব্যর্থতা, তা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। উপকূলীয় অঞ্চলের এসব মানুষের প্রতি যে সরকারযন্ত্রের মনোযোগ নেই, সেটা পরিষ্কার। ২০১২ সাল থেকেই ভোলার বিভিন্ন অঞ্চলের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক এলাকা অরক্ষিত হয়ে পড়ে। পরে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে পরিস্থিতি আরও নাজুক হয়। যে গুরুত্ব দিয়ে এই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা দরকার ছিল, তা করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আজ এই মানুষদের দুর্দশার দায় তাই শুধু প্রকৃতির ওপর চাপানোর কোনো সুযোগ নেই।
যথাসময়ে বাঁধ মেরামত করা গেলে এই পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যেত। বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য টেন্ডার ডাকার পরও কাজ করার জন্য কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রশ্ন হচ্ছে, কাজ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না কেন? কারণ, কাজ করার পরও তহবিল সংকটের কারণে বিল পরিশোধ না করার যে উদাহরণ পানি উন্নয়ন বোর্ড সৃষ্টি করেছে, তাতে ঠিকাদারেরা আর কাজ করতে আগ্রহী নন। যথাযথ বরাদ্দ না আসায় কাজ করার পরও অনেক ঠিকাদারের বিল আটকে রয়েছে।
আমরা অবিলম্বে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও অর্থ বরাদ্দ এবং একই সঙ্গে চরফ্যাশনের এসব দুর্দশাগ্রস্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণসহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।