চলনবিলসহ দেশের নিম্নাঞ্চলে এখন থইথই পানি। এ পানিতেই পাওয়া যায় দেশি প্রজাতির মাছ ছাড়াও নানা রকমের মাছ। তাই এখন মাছে ভরা মৌসুম। মাছ আমাদের অমূল্য জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদ সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার। কিন্তু এই সম্পদ কি আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারছি? এই মৎস্য সম্পদ টিকিয়ে রাখা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। কারণ, প্রতিদিন অন্তত হাজার হাজার কারেন্ট জাল ফেলে মাছ ধরছে একশ্রেণীর কিছু অসাধু মানুষ।
কারেন্ট জাল তথ্যপ্রযুক্তিতে তৈরি এমন একটি জাল, যা অতি সহজে যেকোনো মাছ আটকা পড়ে। তাই আমাদের দেশের মৎস্য সম্পদের এক বিশেষ অংশ কারেন্ট জালে হারিয়ে যাচ্ছে।
মৎস্যভান্ডার নামে খ্যাত চলনবিলের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানা যায়, সিংড়া, তাড়াশ, গুরুদাসপুর, চাটমোহরসহ চলনবিলের বিভিন্ন জায়গায় অবাধে কারেন্ট জালের প্রচলন দেখা যাচ্ছে। এসব জালে তারা প্রতিনিয়ত দেশি প্রজাতির মাছ ধরছে। যেমন টেংরা, পুঁটি, কই, গুচি, টাকি, শিং মাছ। এ ছাড়াও বড় পাশাল কারেন্ট জালে বোয়াল, শোল, রুই, কাতলাসহ সব ধরনের বড় মাছ ধরছে। এভাবে যদি মৎস্য সম্পদ কারেন্ট জালে নিধন হতে থাকে, তবে একসময় দেখা যাবে যে চলনবিলে এই মাছের সংখ্যা অনেকাংশে কমে যাচ্ছে। এসব মাছ রক্ষায় কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা জরুরি। যেসব কারখানায় কারেন্ট জাল উৎপাদিত হয়, সেসব কারখানা বন্ধ করা এবং দেশের পুলিশ প্রশাসনকে চলনবিলের যেসব এলাকায় কারেন্ট জালের ব্যবহার হচ্ছে, সেসব এলাকা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। কারেন্ট জাল ধরে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলতে হবে। তাহলে মৎস্য সম্পদ নিধন থেকে কিছুটা হলেও রক্ষা পাবে।
এমতাবস্থায় কারেন্ট জাল বন্ধের জন্য মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
দিলরুবা রিজওয়ান, সিংড়া, নাটোর।