চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী আনন্দ পরিবহন দুই টাকা ভাড়া কমানোর যে ঘোষণা দিয়েছে, তা যাত্রীসাধারণের জন্য সুসংবাদই বলতে হবে। দিনের হিসাবে টাকাটি কম হলেও যেসব যাত্রী প্রত্যহ ঢাকা-নারায়ণগঞ্জ করে, তাদের জন্য বিরাট সাশ্রয় বলেই আশা করা যায়।
কেন এত দিন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে আনন্দ পরিবহন বাধ্য হয়েছিল, তা-ও গত বুধবার সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে দাবি করা হয়, গত সাড়ে চার বছরে আনন্দ পরিবহন থেকে ২৩ কোটি ৪৭ লাখ টাকা চাঁদা হাতিয়ে নিয়েছে নারায়ণগঞ্জের জনৈক গডফাদারের সহযোগীরা।
এই গডফাদার ও তাঁর সহযোগীরা মোটেই অপরিচিত ব্যক্তি নন। দেশে একটি নির্বাচিত সরকার আছে, আইন আছে এবং সেই আইন প্রয়োগের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তার পরও কীভাবে নারায়ণগঞ্জে এই বেআইনি কর্মকাণ্ড এত দিন চলতে পারল? মনে হচ্ছে এই চাঁদাবাজেরা এবং তাদের নেপথ্যের গডফাদার সরকারের চেয়েও ক্ষমতাবান?
আনন্দ পরিবহন ঢাকা-নারায়ণগঞ্জ পথের যাত্রীদের ভাড়া কমিয়েছে, আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই সঙ্গে গত সাড়ে চার বছর ধরে ঢাকা-নারায়ণগঞ্জ পথে যে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার চাঁদাবাজি হলো, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। প্রশাসনের দায়িত্ব চাঁদাবাজদের আইনের হাতে সোপর্দ করা এবং তাঁদের কাছ থেকে সমুদয় অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা। এ কাজ নারায়ণগঞ্জ প্রশাসন করতে পারলেই বোঝা যাবে, তারা প্রকৃতই আইনের রক্ষক এবং জনগণের স্বার্থের হেফাজতকারী।
তবে ঢাকা-নারায়ণগঞ্জ পথেই শুধু চাঁদাবাজি হয়েছে, সে কথা ভাবার কারণ নেই। দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন হরহামেশাই চাঁদাবাজির শিকার হচ্ছে। এ ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে আশা করি। আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধের কঠোর শাস্তিই পারে দেশজুড়ে পরিবহনসহ বিভিন্ন খাতে যে চাঁদাবাজি হচ্ছে, তা বন্ধ করতে। কতিপয় মাস্তান-চাঁদাবাজের কাছে পরিবহন সংস্থা ও যাত্রীসাধারণ জিম্মি থাকতে পারে না।