চাই জনগণ ও রাষ্ট্রশক্তির সম্মিলিত প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বখাটের হামলায় আহত কলেজছাত্রী গত শুক্রবার মারা গেছেন। বরিশালে ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রংপুরে দুর্বৃত্তদের অ্যাসিড-সন্ত্রাসে নিহত হয়েছেন এক নারী। নারী আবহমানকাল ধরে নির্যাতক পুরুষের দ্বারা নিপীড়িত হচ্ছে, জীবন হারাচ্ছে। পাশাপাশি চলে আসছে সমাজ-প্রশাসনের দায়সারা কর্তব্যপালন। এখানে ধর্ষণের অপরাধে জরিমানা দিয়ে পার পাওয়া যায়। যৌন নিপীড়ক ছাত্র বা শিক্ষকের অনেকেই কেবল বহিষ্কৃত বা বরখাস্ত হয়ে বেঁচে যান। অনেক ক্ষেত্রে সবল প্রতিপক্ষের হাতে ক্ষমতাবঞ্চিতরা মুখ গুঁজে সয়ে যায়। নারী নির্যাতনের এই সংস্কৃতি রস পায় একশ্রেণীর পুরুষের নারীবিদ্বেষী ভোগ ও ক্ষমতাচর্চার সামাজিক আবহ থেকে। এ কারণেই দেখতে পাই, ময়মনসিংহে হত্যাকারীর বিরুদ্ধে গত শুক্রবার পর্যন্ত মামলা হয়নি; তাকে আটক করা তো দূরের কথা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের খুনের অভিযুক্ত ছাত্রকে কেবল বহিষ্কার করেই দায় সেরে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুনের মামলাটি করতে হয় নিহত ব্যক্তির স্বজনকে। নারী নির্যাতনের অপরাধ যতটা নমনীয়ভাবে দেখা হবে, ততটাই উৎসাহ নিয়ে এ ধরনের কাজে লিপ্ত হবে ‘দুর্বৃত্তরা’।

নারী নির্যাতনের অধিকাংশ ঘটনাই ঘটায় পূর্বতন অপরাধের রেকর্ডহীন তথাকথিত ‘নিরীহ’ ব্যক্তিরা। অর্থাৎ, আমাদের আশপাশের মানুষদের মধ্যেই সুপ্ত আছে নারীর প্রতি সহিংসতার সম্ভাবনা। আইনের কঠোর প্রয়োগ অপরাধ ঘটানোর বিরুদ্ধে হুমকি হিসেবে কাজ করতে পারে। তাহলেও, অনেক ‘স্বাভাবিক’ ব্যক্তিই রাগ-রিপু-ক্ষমতার বশে নারীর ওপর সহিংসতা চালাবে। বিষয়টি গায়ের জোরের নয়, সমাজে বিদ্যমান নারীবিদ্বেষী সংস্কৃতিই এভাবে পুরুষদের কাউকে নিপীড়ক আর নারীদের কাউকে নিপীড়িত করে। দিনের শেষে, এই নারীবিদ্বেষী সংস্কৃতির বিরুদ্ধেই সামাজিক সংগ্রাম প্রয়োজন; প্রয়োজন জনগণের সম্মিলিত প্রতিরোধ। কেবল আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই সামাজিক ব্যাধির প্রতিকার করা সম্ভব হবে না।

কিন্তু প্রধান দায়িত্ব ও উদ্যোগের ভার রাষ্ট্রের। প্রতিটি অপঘাতে নারীমৃত্যু রাজনৈতিক নেতৃত্ব, পুলিশ ও প্রশাসনের ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে। নারী নির্যাতকদের বেলায় সর্বোচ্চ কঠোরতা ছাড়া এই ব্যর্থতার দায়ভার থেকে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রেয়াত পেতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এসব ঘটনাকে গতানুগতিক গা সওয়া মনোভাব নিয়ে দেখে, তাহলে নিপীড়নের সহায়ক হিসেবে তারাও জনমনে চিহ্নিত হবে।