চাকরিতে প্রবেশের বয়সসীমা
‘শিক্ষা শেকড়ের রস, তেতো হলেও এর ফলটা কিন্তু মিষ্টি’, রবীন্দ্রনাথ ঠাকুরের এ বাণীর মাধ্যমেই শিক্ষার গুরুত্ব উপলব্ধি করা সম্ভব। সরকার যেখানে বাজেটের একটি বৃহৎ অংশ (২০১৩-১৪ অর্থবছরে ১১ দশমিক ৭ শতাংশ) শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যয় করে মানবসম্পদ গড়ে তুলছে, সেখানে শুধু যুগোপযোগী কিছু সিদ্ধান্ত গ্রহণের অভাবে এই মানবসম্পদের একটি বড় অংশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেশনজট এবং কলুষিত ছাত্ররাজনীতির কারণে বাংলাদেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনুমানিক ১০ লাখ ছাত্রের এবং পরিবারসহ প্রায় এক কোটি মানুষের স্বপ্ন ও স্বপ্নময় ভবিষ্যতের মৃত্যু ঘটতে চলেছে। সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমা বাড়ানোর কারণে কম পদ শূন্য হওয়ায় ছাত্রদের চাকরিতে প্রবেশের সুযোগও সীমিত হয়ে পড়েছে। এ ছাড়া প্রত্যাশিত গড় আয়ু ভারতে ৬৭ এবং বাংলাদেশে ৬৯ বছর (অ.স-২০১৩) হলেও, যেখানে চাকরিতে প্রবেশের বয়স ভারতে ৩৫ বছর, সেখানে বাংলাদেশের ৩০। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার কথা বলা আছে। নির্বাচনী ইশতেহার পূরণ করতে এবং সংবিধানের ১৭ (খ) অনুচ্ছেদ অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
কাজল
রাজশাহী বিশ্ববিদ্যালয়।