দেশে দিন দিন উচ্চশিক্ষিত বেকার যুবকের সংখ্যা বাড়ছে। কিন্তু সেই হারে বাড়ছে না নতুন কর্মসংস্থান। তার ওপর আবার বাড়ানো হয়েছে অবসরের বয়সসীমা। ব্যাপারটির ভয়াবহতা আরও বেড়ে যায়, যখন এই যুবকেরা শুধু তাঁদের বয়সের কারণে চাকরিতে প্রবেশ করতে পারেন না। যে দেশে শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি ও সেশনজটের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্রের পাস করে বের হতে ২৭-২৮ বছর লেগে যায়, সে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ১৮-৩০ বছর কি যৌক্তিক? পিএসসিসহ সব সরকারি-বেসরকারি ও অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়স রাখা হয় ৩০ বছর। কিন্তু এত অল্প সময়ে স্বল্প কর্মসংস্থানের বাজারে চাকরি পাওয়াটা সত্যি দুরূহ। বিষয়টি এখন আমাদের দেশের বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ডেও ন্যায়সংগত নয়। কারণ, আমাদের গড় আয়ু বেড়ে প্রায় ৬৭ বছর হয়েছে। তাই চাকরি পাওয়ার বয়সসীমাটাও বাড়ানো উচিত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর। ইতিমধ্যে আবারও লোকসভায় চাকরিতে প্রবেশের বয়স আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
মো. আ. আলীম
নাঙ্গলকোট, কুমিল্লা।