বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে ছাত্রছাত্রীদের একই সময় নির্ধারিত থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বের হতে সময় লাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে তিন থেকে চার বছর বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চার বছরের অনার্স কোর্স শেষ করে বের হতে সময় লাগছে সাত থেকে আট বছর। মাস্টার্স শেষ করতে লাগছে আরো এক বছর।
তা ছাড়া পূর্বে ডিগ্রি কোর্স ছিল দুই বছর মেয়াদি এবং অনার্স কোর্স ছিল তিন বছর মেয়াদি, সেখানে বর্তমানে তিন ও চার বছর মেয়াদি ডিগ্রি ও অনার্স কোর্স চালু হয়েছে। আর তার সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ছাড়াও বিভিন্ন কারণে সেশনজট তো আছে। এসব কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বের হতেই বয়স ৩০ বছরের বেশি বা কাছাকাছি হয়ে যায়, তার পরে যেকোনো কারণবশত সারা শিক্ষাজীবনে দুই-এক বছর গ্যাপ পড়লে তার প্রকৃত পক্ষে আর সরকারি চাকরির জন্য প্রস্তুতির সময় থাকে না।
সুতরাং একটি গরিব দেশে অধিকাংশ গরিব ছেলেমেয়েই অনেক কষ্টে বড় স্বপ্ন নিয়ে লেখাপড়া করলেও চাকরিতে ঢুকতে পারেন না। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে সেখানে দেখি তাদের কোনো বয়সসীমা নির্ধারিত নেই। তারা ইচ্ছা করলে যেকোনো বয়সে যেকোনো সময় তাদের ক্যারিয়ার শুরু করতে পারে। এ নিয়ে বিগত আওয়ামী লীগ জোট সরকারের সময় অনেক আন্দোলন হয়েছে এবং মন্ত্রী পর্যায়ে আশ্বাসও দেওয়া হলেও কাজ হয়নি।
তা ছাড়া সরকারি চাকরিজীবীদের বয়সসীমা ৬৭ থেকে বৃদ্ধি করে ৬৯ বছর করায় হঠাৎ করে (২০১২-১৩) সালে নিয়োগ-প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। তাই অনতিবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে শিক্ষিত বেকার যুবকদের হতাশার কালিমা লাঘবে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আবারও আকর্ষণ করছি।
উজ্জ্বল কুমার মণ্ডল
এমএসএস, খুলনা সদর, খুলনা।