চাকরির বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকা খুললেই মাঝে মাঝে চোখে পড়ে চিঠিপত্র কলামে আমাদের মতো হতভাগ্যের চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখা। জানি না আমাদের সরকারের চোখে এ ধরনের সামান্য লেখা পড়ে কি না? অনেক আশা নিয়ে আওয়ামী সরকারকে আমরা ক্ষমতার আসনে বসিয়েছিলাম। আপনার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, সেগুলো কি ভুলে গেছেন? আপনারা ক্ষমতায় এসে চাকরি থেকে অবসরের বয়স বাড়ালেন কিন্তু প্রবেশের বয়স বাড়ালেন না কেন?
মন্ত্রী মহোদয় ভুলে যাবেন না, আমাদের সংখ্যাও দেশে কম নয়। তার ওপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ও কোটাপদ্ধতি। আমাদের মতো একজন সাধারণ ছাত্রছাত্রী কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৮০%-৯০% নম্বর পেলেও চাকরি হয় না। আমাদের কি ডিজিটাল বাংলাদেশে কোনো স্থান হবে না? বিশ্বের সব দেশে আমাদের দেশের চেয়ে চাকরির প্রবেশের বয়স বেশি, কিন্তু সে সুযোগ আমরা পাব না কেন? আমরা আশা করেছিলাম, শিক্ষাজীবনের শেষে দেশের জন্য কোনো অবদান রাখব, কিন্তু এখন জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের ছাড়া দেশের কোনো স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।
মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা তো আপনার সন্তানের মতো, তবে আমাদের জীবনটা কেন এভাবে নষ্ট করছেন? আমরা শিক্ষা অর্জন করে মনে হয় জীবনে অপরাধ করেছি। আমাদের সরকারি চাকরির বয়স অন্তত ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করে আমাদের অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা করুন। নাকি আমরা রাস্তায় নেমে থালা-বাটি নিয়ে আন্দোলন করছি না বলে অধিকার থেকে বঞ্চিত হব। আমাদের চাকরির প্রবেশের বয়স বাড়িয়ে দেশের উন্নয়নে সাহায্য করার সুযোগ করে দিন নতুবা আমাদের হাতে একটু বিষ তুলে দিন। আমরা তো আপনাদের কাছে কোনো অনৈতিক দাবি করছি না, তবে কেন দাবি থেকে বঞ্চিত হব।
অমিত রায় ও ইকবাল বারী
সরকারি এম এম কলেজ, যশোর।