চাকরির বয়সসীমা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিজীবীদের অবসরের সময়সীমা দুই বছর বৃদ্ধি সরকারের একটি প্রশংসনীয় কাজ৷ তবে সেই সঙ্গে সরকারের এটাও বোধগম্য হওয়া উচিত ছিল, দুই বছর বৃদ্ধির ফলে স্বভাবতই নিয়োগসংখ্যা হ্রাস পাবে, যা লাখো বেকারের ওপর বাড়তি চাপ পড়বে৷
বিশেষত, যাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটে বিপর্যস্ত, মাস্টার্স পেরোতে চাকরির বয়সসীমা শেষ হয়৷ চাকরির প্রস্তুতির জন্য যে সময় পাওয়া যায় তা অপর্যাপ্ত৷ কেননা, জনবহুল বাংলাদেশে চাকরির ক্ষেত্রে রয়েছে যথেষ্ট প্রতিযোগিতা৷ কোটার প্রতিকূলতা ও দুর্নীতির ভয়াবহতা, যেমন: মামা-খালুর দৌরাত্ম্য, প্রশ্নপত্র ফাঁস, টাকার দাপট ইত্যাদি৷ সে ক্ষেত্রে সব প্রতিকূলতা অতিক্রম করে একজন ছাত্রের জন্য চাকরির বাজারে নিজের একটি আসন করে নেওয়া অনেক সময়সাপেক্ষ ব্যাপার৷
আমরা বেকার ছাত্রসমাজ সরকারের কাছে চাকরির নিশ্চয়তা চাইছি না, শুধু চাকরির প্রস্তুতির জন্য পড়াশোনা করার সুযোগ চাইছি৷ শুধু মেধার বিকাশ এবং বহু কষ্টার্জিত পরিশ্রমের চূড়ান্ত একটি ফল চাইছি চাকরিতে ঢোকার বয়সসীমা বৃদ্ধির মাধ্যমে৷ সরকারের কাছে আবেদন, চাকরির বয়সসীমা ৩০ থেকে ৩২ বছর করা হোক৷
দিলশাদ জাহান
রাজশাহী৷