আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ছাত্রছাত্রী এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার। বিশেষ করে, প্রথম শ্রেণীর চাকরিতে তিন বছর মেয়াদি ডিগ্রিকে আবেদনের সুযোগ দেওয়া হয় না, সম্মানসহ মাস্টার্স চাওয়া হয়। এতে আমরা প্রবল হতাশায় আছি।
ডিগ্রি রেগুলার কোর্সকে চার বছরে উন্নীত করা হলে ডিগ্রির মান যথাযথ হবে, মাস্টার্সও এক বছরে শেষ করা যাবে, বৈষম্য দূরীভূত হলে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পরীক্ষাগুলো জুলাই মাসের মধ্যেই নেওয়া হোক এবং তিন মাসের মধ্যেই ফলাফল দেওয়া হোক। আমাদের অনেকেরই ডিগ্রি কোর্স শেষ করতে করতে বয়স ২৭-২৮ বছর পার হয়ে যায়। ডিগ্রি রেগুলার কোর্স চার বছর করার পাশাপাশি বিষয়টি বিবেচনা করা জরুরি।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি।
কে এম ওহাব
শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর।