জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের চারটি সিটি করপোরেশনের নির্বাচন। কাগজে-কলমে অরাজনৈতিক হলেও স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনের রাজনৈতিক গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই। নানা হিসাব-নিকাশের এই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো। সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্যভাবে এই নির্বাচন তাই বড় চ্যালেঞ্জ হিসেবেই বিবেচিত হবে।
খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল—এই চারটি সিটি করপোরেশনের আগের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেবারের নির্বাচনে চারটিতেই মেয়র পদে জয়লাভ করেছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। এবারের নির্বাচনে এই সদ্য বিদায়ী মেয়রদের সবাই যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনি এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দলীয় সরকারের অধীনে। নির্বাচন কমিশনের জন্য এ নির্বাচন তাই এক কঠিন পরীক্ষা।
সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল ও প্রধান বিরোধী দলের সমর্থিত প্রার্থী এবং প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের কারণে নানা ধরনের প্রভাব খাটানো, শক্তি প্রদর্শন বা সন্ত্রাসীদের কাজে লাগানো, টাকা ছড়ানো, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা বা সাম্প্রদায়িক উসকানির ঘটনাও ঘটেছে। নানা পক্ষের বিরুদ্ধেই উঠেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নির্বাচন কমিশন এসব ক্ষেত্রে কতটা শক্ত অবস্থান নিতে পেরেছে, সেটাই দেখার বিষয়।
আগামীকালের নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই এই চারটি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। সাধারণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে এই নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলতে নাশকতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী একটি গোয়েন্দা সংস্থা নির্দিষ্টভাবে রাজশাহী ও সিলেটে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে এবং জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের পক্ষ থেকে তা করা হতে পারে বলে জানানো হয়েছে। এটা অবশ্যই দুশ্চিন্তার কারণ। নির্বাচনের সময় যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ফলে আগাম সতর্কতা ও উদ্যোগ নেওয়া জরুরি বলে আমরা মনে করি।
জাতীয় নির্বাচনের আগে চার সিটি করপোরেশনের এই নির্বাচনকে সরকার ও বিরোধী পক্ষ নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি পরীক্ষা হিসেবেই দেখতে ও দেখাতে চাইবে। এই নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে দেশের জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। নির্বাচন কমিশনের পাশাপাশি এ ক্ষেত্রে সরকারেরও দায় রয়েছে।
আমরা আশা করব, আগামীকালের নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ও সরকার সব ধরনের উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত সেগুলো হচ্ছে, যথাযথ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সব দল, ধর্ম ও সম্প্রদায়ের লোকের জন্য ভয়ভীতিহীন পরিস্থিতি সৃষ্টি করা, যাতে সবাই নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারেন। শান্তিপূর্ণ পরিবেশে জনগণ অবাধে ভোট দিতে পারলে এবং ফলাফলে এর প্রতিফলন ঘটলে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।