দশম জাতীয় সংসদের সরকারদলীয় চার সাংসদের পৌর মেয়রের পদ আঁকড়ে থাকার ঘটনা প্রমাণ করে যে দেশে আইনের শাসন অনুপস্থিত। এই চার আইনপ্রণেতার জানার কথা যে তাঁরা একসঙ্গে দুই পদ আগলে রাখতে পারেন না। মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েই সাংসদ পদে নির্বাচন করা গণতন্ত্রের রীতির সঙ্গে সংগতিপূর্ণ হতো। এটা স্পষ্ট যে পদের প্রতি অন্ধ মোহের কারণেই তাঁরা এটি করতে ব্যর্থ হয়েছেন।
সংসদের সাতটি বৈঠকে যোগদানের পরেও তাঁরা মেয়রের দাপ্তরিক কাজের পাশাপাশি পৌরসভার গাড়িও ব্যবহার করছেন। এসবই তাঁদের নৈতিক স্খলনের ইঙ্গিতবহ। পৌরসভা আইনের ৩৩ ধারা অনুযায়ী, কোনো মেয়র সংসদ সদস্য নির্বাচিত হলে মেয়রের পদ শূন্য ঘোষিত হবে। অথচ সংসদ, ইসি কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় এই আইন কার্যকর করার উদ্যোগ নেয়নি।
পরিহাসমূলক হচ্ছে, গত ২২ জানুয়ারি ফেনীর পৌর মেয়র কাম সাংসদ নিজাম উদ্দিন হাজারী সাংবাদিকদের বলেছিলেন, একসঙ্গে দুই পদে থাকা যাবে। আবার ভোলার সাংসদ আলী আজম দাবি করেছেন, যদিও তিনি তা মনে করেন না, তদুপরি স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছেন। তিনি পদত্যাগ করবেন, সে জন্য তো কারও মতামতের প্রয়োজন হয় না।
এ সবকিছুই নির্দেশ করে যে বাংলাদেশে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তিগত সততা—সবকিছুরই দুর্ভিক্ষ চলছে। কোথায়, কোন আইনের ফাঁকফোকর আছে, সেসব খুঁজে বের করাই অনেকের ধান্দা হয়ে উঠেছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অন্তত পরিষ্কার জানেন, ওই মেয়রদের পদত্যাগ করতে হবে। এ প্রসঙ্গে আবার পৌর মেয়রের পদ লাভজনক কি না, সেই বিতর্কের সুযোগ নিতেও তাঁরা ওত পেতে আছেন। আদালতের একটি রায় দেখিয়ে তাঁরা স্বপদে থেকে নির্বাচন করেছেন। ওই রায় নিয়েও কথা আছে। মোটকথা, বিষয়টি সম্পর্কেও সুপ্রিম কোর্টের অবস্থান দ্ব্যর্থহীন নয়। এর ফলেও ইসিকে সিদ্ধান্ত নিতে অনেক সময় গলদঘর্ম হতে হয়।
সংসদও সুপরিকল্পিতভাবে ফাঁকফোকর রেখে দিচ্ছে। সাধারণত তারা নির্দিষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় আইন প্রণয়ন করে না, দক্ষতার ঘাটতিও প্রকট। নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছেন, মেয়র পদে থেকে নির্বাচন করার অর্থ এই নয় যে দুটি পদে একসঙ্গে থাকা যাবে। তাঁদের একটি পদ ছাড়তে হবে।
আমরা মনে করি, নির্বাচন কমিশনেরই উচিত ছিল ওই চার মেয়রের পদ শূন্য ঘোষণা করা। কারণ, পৌরসভায় শূন্য পদে নির্বাচন তাঁদেরই করতে হবে। এই সহজ বিষয়টি কোনো কারণে আদালতের দিকে ঠেলে দেওয়ার অর্থ হবে জল ঘোলা করে ফায়দা নেওয়ার চেষ্টা করা বা তাতে সহায়তা দেওয়া। সার্বিক বিচারে এই মানসিকতা নিন্দনীয়। তবে বিতর্ক এড়াতে চার সাংসদকে অবিলম্বে মেয়রের পদ থেকে ইস্তফা দিতে হবে এবং একই সঙ্গে আইনের ফাঁকফোকর বন্ধ করার উদ্যোগ নেওয়ার দাবি জানাই।