সড়ক দুর্ঘটনার জন্য মূলত দায়ী যে কারণ, সেই বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা হ্রাসের লক্ষ্যে সরকারের কোনো প্রচেষ্টা বা উদ্যোগ নেই। বরং সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের দণ্ডবিধির ৩০২ ধারায় বিচার করার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে তাঁদের শাস্তির ভয় থেকে একপ্রকার মুক্তিই দেওয়া হলো। নির্বাচন সামনে রেখে মোটরশ্রমিকদের মন জয় করার লক্ষ্যে তাঁদের অন্যতম নেতা ও সরকারের একজন মন্ত্রীর চাপে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার ফলে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল।
গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেগুলো সড়কের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দেওয়ায় সহায়ক হবে। একটি সিদ্ধান্ত হলো, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে এখন থেকে ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় মামলা নেওয়া হবে না। ধারাটি হত্যার অভিযোগের বিচার-সংক্রান্ত। শুধু তা-ই নয়, সড়ক দুর্ঘটনার যে পাঁচটি মামলা ইতিমধ্যে ৩০২ ধারায় নেওয়া হয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হবে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী চালকদের লাইসেন্স নবায়নের শর্ত শিথিলের দাবির প্রতিও সায় দিয়েছেন। এই সব কটি সিদ্ধান্ত ক্ষতিকর ও বিপজ্জনক। জনসাধারণের পক্ষে নিরাপদ সড়কের দাবিতে যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাঁদের দাবিদাওয়ার বিপরীতে সড়ক পরিবহনশ্রমিকদের অন্যায্য দাবিতে ধর্মঘটের হুমকির মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতি স্বীকার করা স্পষ্টতই জনস্বার্থবিরোধী।
এ দেশে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। বেপরোয়া গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর এত উচ্চ হারের প্রধান কারণ। বেপরোয়া চালকেরা মনে করেন, তাঁদের কারণে সড়কে কোনো মানুষের মৃত্যু হলে সেটা ঘটে নিছক দুর্ঘটনাবশত। এ জন্য হত্যার দায়ে তাঁদের অভিযুক্ত করা চলে না, তাই ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় তাঁদের অপরাধের বিচার করা যাবে না। কিন্তু আইনকানুনের তোয়াক্কা না করে বেপরোয়া গাড়ি চালানোর ফলে যে দুর্ঘটনা ঘটে এবং তাতে
যে মানুষের প্রাণহানি ঘটে, তা হত্যাকাণ্ডের শামিল বৈকি। ৩০২ ধারায় তাঁদের বিচার করার বিধানটি এসব বেপরোয়া চালকের জন্য একটি মনস্তাত্ত্বিক নিরোধক হিসেবে কাজ করতে পারত। এটি প্রত্যাহার করার ফলে চালকেরা নিশ্চিতভাবেই শাস্তির ভয় ব্যতিরেকে আরও বেপরোয়াভাবে গাড়ি চালাতে উৎসাহিত হবেন। কারণ, তাঁরা দেখে আসছেন, জেল-জরিমানার মতো লঘু শাস্তির বিধানের কারণে দুর্ঘটনা ঘটিয়ে, মানুষের প্রাণহানি ঘটিয়ে পার পাওয়া সহজ ব্যাপার।
বছরে সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার বিপরীতে দুর্ঘটনার জন্য দায়ী চালকদের কজনের বিচার ও শাস্তি নিশ্চিত হয়, সেই তথ্য কারও কাছে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যেখানে প্রতিটি দুর্ঘটনার বিচার এবং দায়ী চালকদের শাস্তি দেওয়া নিশ্চিত করা, সেখানে সেই চালকদের নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের লঘু শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।