চালের আমদানি শুল্ক যৌক্তিক করতে হবে

এ এম এম শওকত আলী। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। সাবেক এই সিএসপি কর্মকর্তা ২০০১ সালে সচিব হিসেবে অবসরে যান। খাদ্যনিরাপত্তা তাঁর গবেষণার মুখ্য বিষয়। করোনার প্রাদুর্ভাব, আম্পান ও বন্যার প্রেক্ষাপটে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন খাদ্যনিরাপত্তা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এম এম শওকত আলী

প্রথম আলো: এই মুহূর্তে দেশের খাদ্য পরিস্থিতি কী রকম? সরকারি মজুত আছে, সেটি কি স্বস্তিদায়ক?

এ এম এম শওকত আলী: স্বস্তিদায়ক নয়। সরকারি গুদামে যে চাল আছে, তার ৭০ শতাংশই তো খাদ্যসহায়তা কর্মসূচিতে চলে যায়। সরকারি গুদামের মজুত হলো জরুরি অবস্থা মোকাবিলার জন্য। মাসখানেক আগেই বলেছি, সরকারের উচিত হবে বেসরকারি আমদানিকারকদের সঙ্গে বসে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। বর্তমানে আমদানি শুল্ক ৫৫ শতাংশ। এটি যৌক্তিক নয়। কিন্তু কৃষি মন্ত্রণালয় চাল আমদানির বিরোধিতা করছে। তারা মনে করে, চাল আমদানি করলে কৃষক মারা পড়বেন। এ নিয়ে খাদ্য পরিধারণ মূল্যায়ন কমিটির বৈঠকও হয়েছে। কোনো সিদ্ধান্তের কথা এখনো জানি না। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই শুল্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। একতরফা সিদ্ধান্ত ভয়ংকর হবে।

প্রথম আলো: কৃষি মন্ত্রণালয়ের এই অবস্থানকে কি আপনি অযৌক্তিক মনে করেন?

এ এম এম শওকত আলী: চলতি বছর আমরা দুটি বড় দুর্যোগ মোকাবিলা করছি। করোনা ও বন্যা। করোনার কারণে মানুষের কর্মসংস্থান কমেছে। তাই মানুষের হাতে পয়সা না থাকলে চালের দাম কম হলেও কিনতে পারবে না। কিছুদিন ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। চালের ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় নিতে হবে—সহজলভ্যতা ও কেনার সামর্থ্য। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে জটিলতা বাড়বে। কোন কোন দেশ থেকে চাল পাওয়া যাবে, সেটি এখনই খতিয়ে দেখা দরকার। একটি দেশের ওপর নির্ভর করা ঠিক হবে না। আবার আমদানি শুল্ক কমালেই তো হবে না, রপ্তানিকারক দেশ যদি রপ্তানি শুল্ক আরোপ করে, তাতেও দাম বাড়বে। যখন চালের ঘাটতি নেই বলা হয়, তখনো কিন্তু চাল আমদানি করা হয়েছে বছরে দুই থেকে আড়াই লাখ টন।

প্রথম আলো: ২০১৭ সালে চালের সংকটের কারণ কী ছিল?

এ এম এম শওকত আলী: একটি সমস্যা ছিল ১০ টাকা কেজি চাল বিক্রি করতে গিয়ে সরকারি মজুত তলানিতে এসে ঠেকেছিল। ন্যূনতম ৬ লাখ মেট্রিক টন মজুত থাকার কথা। ছিল মাত্র ৩ লাখ টন। আবার আমদানির ওপর শুল্ক উঠিয়ে দিলে ব্যবসায়ীরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি আমদানি করেন। কোনো ভারসাম্য ছিল না।

প্রথম আলো: সে সময় চাল আমদানি নিয়ে দুর্নীতি ও টাকা পাচার হয়েছে বলে অভিযোগ আছে।

এ এম এম শওকত আলী: তারও কারণ মনিটরিং না থাকা। ফলে খাওয়ার অনুযোগী নিম্নমানের চালও এল। যাঁরা আনলেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা নেই।

প্রথম আলো: করোনা সব খাতের ওপর অভিঘাত তৈরি করেছে। কৃষি কোন অবস্থায় আছে?

এ এম এম শওকত আলী: কৃষি মোটামুটি স্থিতিশীল আছে। বোরোর ফলন ভালো হয়েছে। বন্যার কারণে আমনের ফলন কিছুটা কমতে পারে। ১ কোটি ৫৫ লাখ মেট্রিক টন প্রাক্কলন করা হয়েছিল। ১৩ আগস্ট পর্যন্ত ৩৯ দশমিক ৫৪ হাজার হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। বন্যায় ১৮টি জেলা বেশি ক্ষতিগ্রস্ত। এসব জেলায় পানি না সরলে আমন রোপণ করা যাবে কি না, সেটাও প্রশ্ন। এখন পানি সরলেও বীজ বোনা ও চারা হতেও সময় লাগবে। কৃষক জমিতে ধান করতে না পারলে বিকল্প কোনো চাষের ব্যবস্থা করা যায় কি না, সেসব নিয়েও চিন্তাভাবনা থাকা দরকার। সম্প্রতি ইপ্রির এক উপস্থাপনায় বলা হয়েছে, কৃষকের কাছে ৪৫ লাখ টনের মতো চাল মজুত থাকে। এর মধ্যে কতটা বন্যায় নষ্ট হয়েছে, সেটাও জানতে হবে। সব ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য না পেলে পরিস্থিতি মোকাবিলা কঠিন হবে।

প্রথম আলো: ২০০৭ সালে আপনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। সে সময় কীভাবে সংকট মোকাবিলা করেছিলেন?

এ এম এম শওকত আলী: সে সময়ে খাদ্যসংকট দেখা দিয়েছিল বিশ্বব্যাপী। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর বন্যা হলো। ফসলের অনেক ক্ষতি হলো। আমরা প্রথমেই চাল পাওয়ার উৎসগুলো খুঁজে বের করলাম। ভারত থেকে চাল আমদানি করা যাচ্ছিল না। তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রী (পরবর্তীকালে রাষ্ট্রপতি) প্রণব মুখার্জির হস্তক্ষেপে ৫ লাখ টন চাল আমদানির চুক্তি হলো। প্রতি টন ৫০০ ডলার। এর আগে পশ্চিমবঙ্গ সরকার কম দামে চাল দিতে চাইলেও কেন্দ্র রাজি হয়নি। অন্যদিকে আমরা ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে চাল আনার ব্যবস্থা করলাম। এমনকি মিয়ানমার থেকে আতপ চালও আনা হলো।

প্রথম আলো: কৃষকের উৎপাদিত পণ্য, বিশেষ করে ধানের ন্যায্য দাম কীভাবে নিশ্চিত করা যাবে?

এ এম এম শওকত আলী: ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে হলে মৌসুমের শুরুতে কৃষকের কাছ থেকে বেশি করে ধান কিনতে হবে। সরকার এবারও ধান কিনেছে খুব কম। সরকারের লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হয় না। চাল কৃষকের কাছ থেকে না কিনলেও সরকার মিলমালিকদের কাছ থেকে কিনতে পারে। কিন্তু ধান কিনতে হবে কৃষকের কাছ থেকেই। আর কৃষকের লাভ-লোকসানের ক্ষেত্রে কেবল ধান-চালের দাম দেখলে হবে না। উৎপাদন খরচ কমাতে হবে। সার, বীজ ও সেচে আরও বেশি ভর্তুকি দিতে হবে। কৃষক যাতে তাঁর পণ্যটির উপযুক্ত দাম পান, সে জন্য বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। ১৯৮১ সালে সুইস সরকারের সহায়তায় ২৫ টন ধারণক্ষমতাসম্পন্ন গুদাম তৈরি করা হয়েছিল। সেখানে মৌসুমের শুরুতে প্রান্তিক ও ছোট কৃষকেরা পণ্য রেখে দিতেন। প্রয়োজনের সময় বিক্রি করতেন। পরবর্তীকালে প্রকল্পটি এগোয়নি।

প্রথম আলো: খাদ্য পরিস্থিতি যাতে বিপজ্জনক মোড় না নেয়, সে জন্য সরকারের করণীয় কী?

এ এম এম শওকত আলী: প্রথমত, যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে। কী পরিমাণ চাল আমদানির প্রয়োজন, তা নিরূপণের পাশাপাশি বেসরকারি আমদানিকারকদের মতামত নেওয়া প্রয়োজন। এরপর খাদ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বাজারে চালের ঘাটতি দেখা দেওয়ার আগেই জোগানের বিষয়টি নিশ্চিত করা দরকার।

প্রথম আলো: বলা হয়, বাংলাদেশে কৃষির উন্নতি হলেও কৃষকের অবস্থার উন্নতি হয়নি। আপনার মন্তব্য কী?

এ এম এম শওকত আলী: কৃষকের উন্নতি হয়নি—কথাটি ঢালাওভাবে বলা যাবে না। তাঁদেরও জীবনমান বেড়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বিদ্যুৎ, টিভি, রেডিও ও মোবাইল ফোন গেছে। বিদ্যুৎ থেকে কৃষক সেচসুবিধা পাচ্ছেন। মোবাইল ফোনের মাধ্যমে বাজারদর ইত্যাদি জানতে পারছেন। তবে নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ যে কৃষকের উন্নয়ন ব্যাহত করছে, সেখানে আমরা তেমন কিছু করতে পারিনি। এসব ক্ষেত্রে কৃষককে বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে কৃষিজমি হারিয়ে যাচ্ছে। এটি বন্ধ করা প্রয়োজন। ২০১০-১২ সালের হিসাব ছিল ১ দশমিক ৩৭ লাখ হেক্টর কৃষিজমি বেহাত হয়েছে। এখন এর পরিমাণ আরও বেশি হবে। এ ব্যাপারে ২০০০ সালে একটি আইনও হয়েছিল। সেটি কার্যকর করা দরকার। অন্যদিকে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জমির মালিকানা নির্ধারিত না হওয়ায় তা বেহাত হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যায় না। কৃষিজীবীরা যাতে এই পেশা থেকে চলে না যান, সে জন্য পরিকল্পনা নেওয়া দরকার। নদীভাঙনে জমি হারানো কৃষকের জন্য বিকল্প জমির ব্যবস্থা করতে হবে। চর ও বিল এলাকায় প্রচুর অব্যবহৃত জমি আছে। ভূমি উদ্ধার কর্মসূচি জোরদার করা প্রয়োজন। ডিএফআইডির সহায়তায় একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দক্ষিণাঞ্চলে লবণাক্ততা-সহিষ্ণু ধান চাষ করে বেশ সাফল্য পেয়েছিলেন। বরিশালে বহু বছর ধরে ধান উৎপাদনে ঘাটতি ছিল। সেখানে উদ্বৃত্ত ফলন হয়েছে। কৃষির যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এর সুবিধা যাতে প্রান্তিক ও ছোট কৃষক পান, তা–ও নিশ্চিত করতে হবে। এতে ব্যয়ও কমবে।

প্রথম আলো: দক্ষিণাঞ্চলের কৃষি রক্ষায় ষাটের দশকে যে বাঁধ দেওয়া হয়েছিল, তা এখন অনেকটাই অকার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু এত দিনেও কার্যকর কোনো পদক্ষেপ কেন নেওয়া গেল না?

এ এম এম শওকত আলী: প্রযুক্তিগত অনেক উন্নতি হয়েছে। দেখতে হবে কোন প্রযুক্তি ব্যবহার করে বাঁধগুলো টেকসই রাখা যায়। আরেকটি সমস্যা হলো, বাঁধ রক্ষণাবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড যে টাকা চায়, তাদের দেওয়া হয় তার এক-তৃতীয়াংশ। ফলে রক্ষণাবেক্ষণের কাজটি ঠিকমতো হয় না। এটি আমরা আইলা ও সিডরের সময়ও দেখেছি। এবারও একই ঘটনা ঘটল। বাঁধ রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় অর্থের জোগান দিতে হবে। টাকাটা যাতে ঠিকমতো ব্যবহার করা হয়, সে জন্য নিয়মিত মনিটরিং থাকতে হবে। এ কাজে স্থানীয় মানুষকে যুক্ত করতে হবে। নদীর ভাঙন রোধে অববাহিকাভিত্তিক কর্মসূচি নিতে হবে। বিচ্ছিন্নভাবে ড্রেজিং তেমন কাজে দেবে না। মেকং নদীর ক্ষেত্রে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া সমস্যার সমাধান করতে পারলে আমরা কেন পারব না? বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতকে নিয়ে অববাহিকাভিত্তিক বহুপক্ষীয় কর্মসূচি নিতে হবে। কিন্তু ভারত বরাবর দ্বিপক্ষীয় সমাধানে আগ্রহী।

প্রথম আলো: প্রশাসনের সব ক্ষেত্রে একধরনের নড়বড়ে অবস্থা। সিদ্ধান্ত নেওয়া হয়, বাস্তবায়ন হয় না। এর কারণ কী?

এ এম এম শওকত আলী: রাজনৈতিক সদিচ্ছার অভাব। বৈঠক হয়, সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়ন হলো কি না, তার ফলোআপ হয় না। বক্তৃতা কম করে প্রশাসনে কর্মচাঞ্চল্য বাড়ানো দরকার।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

এ এম এম শওকত আলী: প্রথম আলোকেও ধন্যবাদ।