চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বক্তব্যের ব্যাখ্যা
গত ৯ জুলাই প্রথম আলোর আয়োজনে ‘গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আমাদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে ২২ জুলাই পত্রিকাটির ক্রোড়পত্রে ছাপা হয়েছে। সেখানে আমার পুরো বক্তব্য আসেনি। ‘রাষ্ট্রের প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া যেতে পারে’ বলে আমার যে কথা ছাপা হয়েছে, তা আমার বক্তব্যে এসেছে প্রসঙ্গক্রমে। এ ধরনের বক্তব্য বিভিন্ন মহল থেকে আসছে, আমি তার উল্লেখ করেছি মাত্র। আমার মূল কথাটি ছিল, নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ অবস্থায় একটি নতুন সামাজিক চুক্তি প্রয়োজন। প্রধান রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় উপনীত হলে সংকট উত্তরণ সম্ভব।
মাহবুবউল্লাহ
অধ্যাপক, অর্থনীতিবিদ।

কারখানাটি বন্ধ করুন
আমি একজন কুয়েত-প্রবাসী। আমার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। এর পূর্ব পাশে ঢাকা ট্রাংক রোড এবং এর পূর্ব পাশে ফৌজদারহাট শিল্প এলাকা, পশ্চিমে শুধু আবাসিক এলাকা ও দোকানপাট। এই আবাসিক এলাকায় প্রভাবশালী এক ব্যক্তি একটি কাচ রিসাইক্লিং কারখানা বসিয়েছেন। কারখানার শব্দদূষণ ও কেমিক্যালের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। ইউনিয়ন পরিষদ ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করার পর পরিবেশ অধিদপ্তর পরিদর্শক পাঠিয়ে তদন্ত করে কারখানার মালিককে কারণ দর্শানোর নোটিশ দেয়। কারখানার মালিকের জবাবে অসন্তুষ্ট পরিবেশ অধিদপ্তর তাঁকে তলব করে শব্দ নিয়ন্ত্রণের কিছু নির্দেশনা দেয়। কিন্তু সেটা পালনে ব্যর্থ হলে মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করে শব্দদূষণ বন্ধে কড়া নির্দেশনাসহ আবার নোটিশ দেওয়া হয়। কারখানার মালিক জরিমানা পরিশোধ করে সেভাবেই কারখানা চালিয়ে যাচ্ছেন। আমার পরিবার আবারও পরিবেশ অধিদপ্তরের শরণাপন্ন হয়, কিন্তু কোনো ফল হয়নি।
আবাসিক এলাকায় এই উপদ্রব থেকে আমাদের রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
নুরুল আবছার
কুয়েত।