দিনের পর দিন নদী দখল করে তার ওপর স্থাপনা তৈরি করে চলেছে স্বার্থান্বেষী মহল। এর ফলে পরিবেশ হয়ে পড়েছে বিপন্ন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নদী দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করছে দখলদারেরা। অন্যদিকে হাজারীবাগের সেই ট্যানারির রাসায়নিক ময়লা দ্রব্য এবং মানুষের বর্জ্য মিশে গিয়ে বুড়িগঙ্গার পানি বিষাক্ত হয়ে গেছে।
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নদী দখল রোধ করা সম্ভব হয়নি। সম্প্রতি নদী দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ [বিআইডব্লিউটিএ] এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন নালা এক সপ্তাহের মধ্যে বন্ধ, হাজারীবাগের ট্যানারিকে সাভারে স্থানান্তর, বুড়িগঙ্গার আদি চ্যানেল সংরক্ষণ, যশোরের হাকর নদ দখলমুক্ত এবং ঢাকার ১৩টি খাল সংরক্ষণ করতে বলা হয়েছে। আমরা আদালতের রায়ের যথাযথ বাস্তবায়ন চাই।
দখল ও পরিবেশ দূষণমুক্ত রাখতে পারলে নদীগুলো তার হারানো গৌরব ফিরে পাবে এবং মানুষ স্বস্তির হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে।
মো. ইয়ামিন খান
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।