চি ঠি প ত্র
৮ নম্বর গাড়ি
ঢাকা শহরে ৮ নম্বর গাড়িগুলো যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত চলে মতিঝিল, পল্টন, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট হয়ে। এই চলাচল এক যুগেরও বেশি সময় ধরে চলছে। তাই এই রুটে চলাচলকারী যাত্রীদের অতিপরিচিত গাড়ির নম্বর ও স্ট্যান্ড। অসংখ্য যাত্রীর যাতায়াত এ পথে এবং বিশেষ করে গাবতলী ও যাত্রাবাড়ী শহরের দুই প্রান্ত থেকে প্রাণকেন্দ্র কাকরাইল ও ফার্মগেটে যাওয়ার অতি উত্তম মাধ্যম। বিজয়নগর কাকরাইল থেকে ৮ নম্বর গাড়ি ছাড়া আর কোনো মাধ্যম নেই অন্ততপক্ষে শাহবাগ, ফার্মগেটে যেতে।
৬ নম্বর গাড়ি মালিবাগ, মৌচাক হয়ে চলাচল করায় কাজের কাজ আর হয় না। প্রচণ্ড ভিড়ের মধ্যে দীর্ঘ সময় কাটাতে হয়। এই অবস্থায় হঠাৎ করে গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ নম্বর গাড়ি বিজয়নগর, কাকরাইল দিয়ে চলাচল নিষিদ্ধ। কারণ অস্পষ্ট হলেও জানা যায়, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের সুবিধার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাস্তবে জনগণ যারপরনাই অসুবিধায় পড়েছে। কেননা কাকরাইল থেকে পল্টনে গিয়ে অথবা মৌচাক হয়ে ফার্মগেটে আসা সত্যিকার অর্থেই অনেক কঠিন ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই ভুক্তভোগী যাত্রীরা শুধুই হা-হুতাশ করছে। শুধু তা-ই নয়, হঠাৎ করে আগাম কোনো ঘোষণা ছাড়াই গাড়ির রাস্তা পরিবর্তন মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে, যা স্বাভাবিক জীবনকে অসহনীয় করে তুলেছে। তাই অতিসত্বর এ জটিলতার সমাধান হওয়া উচিত।
যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, দ্রুত উল্লিখিত রাস্তায় ৮ নম্বর গাড়ি আবার চালু করা হোক এবং জনগণকে স্বস্তি দেওয়া হোক।
মো. শাহাদুল করিম, পল্টন, ঢাকা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন যেকোনো পণ্যের প্রচারের একটি উল্লেখযোগ্য মাধ্যম। এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে অধিকাংশ বিজ্ঞাপনে যে ধরনের ভাষা, ঘটনাপ্রবাহ ও বক্তব্য উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতা, আমাদের সংস্কৃতি, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।
একটি পরিবারের শিশু-কিশোরসহ সবাই টিভি দেখে। তাই এসব বিজ্ঞাপনের উদ্দেশ্য, ভাষা এবং উপস্থাপনপদ্ধতি সঠিক ও প্রাসঙ্গিক হওয়া খুবই জরুরি। বিজ্ঞাপনে এমন কোনো কিছু প্রচার করা উচিত নয়, যা প্রচলিত সামাজিক ও নৈতিক মূল্যবোধকে আঘাত করে। আজকাল পণ্যের সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন বিজ্ঞাপনেও নারীদের নানাভাবে ব্যবহার করা হচ্ছে, যা সত্যিই কুরুচিপূর্ণ। তা ছাড়া বিদেশি কিছু বিজ্ঞাপনও আমাদের দেশে প্রচারিত হচ্ছে যেগুলো রিমেক্স করে আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করা যায়।
তাই বিজ্ঞাপননির্মাতাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমরা আশা করতে পারি, এ ব্যাপারে তাঁরা আরও বেশি দায়িত্ববান, মেধাবী এবং দক্ষতার পরিচয় দেবেন। এ ছাড়া গণমাধ্যমের জন্য এ ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ন করা উচিত, যাতে প্রতিটি বিজ্ঞাপনের নৈতিক মানদণ্ড বজায় থাকে।
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।