চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের অনিশ্চয়তা

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নেতা-নেত্রীদের ক্ষমতা দখলের ইঁদুরদৌড়ে আজ আমরা অভিভাবক ও শিক্ষার্থীরা জিম্মি হয়ে আছি। নভেম্বর মাসে জেএসসি, পিএসসি, বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাসহ আরও অনেক পরীক্ষা রয়েছে। কিন্তু বড় দুই দলের অনড় অবস্থান আমাদের শঙ্কিত করে তুলেছে যে এসব ‘পরীক্ষা আদৌ হবে কি না এবং শুরু হলেও কবে নাগাদ শেষ হবে?’

তাই নেতা-নেত্রীদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আপনাদের ক্ষমতা দখলের ইঁদুরদৌড়ে আমাদের গিনিপিগ বানাবেন না। এমন কোনো কর্মসূচি দেবেন না, যাতে শিক্ষার্থীদের মূল্যবান ‘শিক্ষাবর্ষ’ ও ‘শিক্ষাজীবন’ ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু আপনাদের সন্তানেরা এ দেশে লেখাপড়া করে না, তাই এসব তুচ্ছ শিক্ষাবর্ষ, শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হলে আপনাদের কিছুই আসে যায় না! এ জন্যই আপনারা হয়তো আমাদের মতো সামান্য অভিভাবকদের শঙ্কা, উৎকণ্ঠার কারণ অনুধাবন করেন না। তার পরও আশা রাখি। কারণ, আশা নিয়েই মানুষ বাঁচে।

সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।

সচিবালয়ের নিরাপত্তার জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়ে থাকে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সর্বস্তরের জনসাধারণেরই সচিবালয়ে নানাবিধ কাজের প্রয়োজনে প্রবেশ করতে হয়, কিন্তু আত্মীয়স্বজন বা একান্ত পরিচিত না থাকলে প্রবেশ পাস পাওয়া খুবই দুষ্কর। এতে অনেককেই বিড়ম্বনায় পড়তে হয় অথবা পাস জোগাড় করতে না পেরে অবৈধ পন্থায় প্রবেশ করতে দেখা যায়।

প্রবেশ পাসই কেবল নিরাপত্তার নিশ্চয়তা বহন করে না বিধায় পাস পাওয়ার ক্ষেত্রে সহজতর বিকল্প পদ্ধতি গ্রহণ কিংবা পাস ব্যতিরেকে সহজ উপায়ে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে।

সচিবালয়ের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় ক্ষেত্রে সবার প্রবেশ সহজতর করতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

মো. তাজুল ইসলাম খান

আইনজীবী, গেন্ডারিয়া, ঢাকা।

নোটারি পাবলিক

সরকারপ্রদত্ত সত্যায়ন ক্ষমতা সংরক্ষণ করে থাকেন নোটারি পাবলিকরা। বিজ্ঞ আইনজীবীদের মধ্যে যাঁরা অভিজ্ঞ, সৎ এবং যোগ্য, কেবল তাঁরাই নোটারি পাবলিক নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সরকার নোটারি পাবলিক নিয়োগ দিয়ে থাকে। সরকারের নিয়োগ পাওয়া সর্বস্তরের মানবসম্পদকে প্রশিক্ষণ এবং ভাতা দেওয়ার ব্যবস্থা থাকলেও নোটারি পাবলিকদের জন্য তা নেই। যদিও নোটারি পাবলিকরা সব সময়ই সরকারকে নির্ধারিত হারে রাজস্ব দিয়ে থাকেন।

নোটারি পাবলিকরা সরকারের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের প্রশিক্ষণ ও ভাতা দিলে দেশের মানবসম্পদ উন্নয়নে বিরাট সহায়ক ভূমিকা পালন করা হবে—এ ক্ষেত্রে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় যথেষ্ট অবদান রাখতে পারে বলে আমাদের বিশ্বাস।

নোটারি পাবলিকরা যেহেতু রাষ্ট্রের বাছাই করা উচ্চস্তরের অংশ, তাই অনতিবিলম্বে তাঁদের প্রশিক্ষণ এবং ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।

মো. তাজুল ইসলাম খান

গেন্ডারিয়া, ঢাকা।