চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের বাস্তবতা

বর্তমানে আমাদের দেশের একটি জাতীয় সমস্যা হিসেবে পরিণত হয়েছে হরতাল। এর কার্যক্রম আর কোনো সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আটকে নেই। দেশজুড়ে এর সহিংসতা বিস্তার লাভ করছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে ভয়ংকর সহিংস কর্মকাণ্ড। মুহূর্তের ছিনিয়ে নিচ্ছে কিছু অমূল্য জীবন।না, ভুল লেখা হলো—মূল্যহীন জীবন, যে জীবনের কোনো মূল্য নেই। আসলেই কি কোনো মূল্য আছে?

যদি থাকত, তবে একজন কীভাবে আরেকজনের জীবন নিতে দ্বিধাবোধ করে না? এর কোনো উত্তর আমার জানা নেই, হয়তোবা রাজনৈতিক দলগুলোর জানা থাকতে পারে! আমরা সাধারণ জনগণ আজ তাদের হাতে জিম্মি হয়ে পড়েছি, আর এর ব্যাপকতা এমনভাবে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে যে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা কারোর নেই। আর এই কর্মকাণ্ডের হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে তরুণ সম্প্রদায়। কোনো কিছু না বুঝেই তারা জড়িয়ে যাচ্ছে এই রাজনৈতিক জালে, যেখানে তাদের আজ কোনো আদর্শ নেই। রাজনৈতিক দ্বন্দ্ব-কলহ, সমাজসেবা অথবা জনসেবার নামে নিজের স্বার্থ হাসিল এবং স্বেচ্ছাচারিতা যুবসমাজকে বিপথগামী করছে। মানবিকতা, নৈতিকতা এখন গৌণ হয়ে উঠেছে।

 আজ যারা শিশু, কাল তারা কিশোর ও যুবক—এভাবেই একদিন তারা প্রবীণদের স্থান দখল করবে। কিন্তু কী শিক্ষা দেবে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে? কোন আদর্শে পরিচালিত করবে তাদের? যে আদর্শে আমাদের এই সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, নাকি এই বর্তমান বাংলাদেশের সঙ্গে, যেখানে মা-বাবার চোখের জলের কোনো মূল্য নেই, সন্তানের মুখের হাসির কোনো মূল্য নেই, ভাই-বোনের ভালোবাসার কোনো মূল্য নেই, সর্বোপরি যেখানে সমাজের প্রতিটি স্তরে আজ স্বার্থপরতা কাজ করে?

আশা করব, সচেতন যুব সম্প্রদায় এটা বিবেচনা করে দেখবে, কাদের জন্য, কেন এই নৃশংসতম খেলায় মেতে ওঠা? যে জীবন আপনি দিতে পারেন না, সে জীবন নেওয়ার অধিকার কি আপনার আদৌ আছে?

পরিশেষে এতটুকুই বলব, যদি আপনারা একটু সচেতন হন, তবে কোনো রকম কুমন্ত্রণাই কাউকে বশীভূত করতে পারে না। সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়ে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে চলুন হাতে হাত ধরে এগিয়ে যাই।

লিন্ডা নীপা মণ্ডল, টাঙ্গাইল।

ব্যক্তিগতভাবে পরিচালিত কিন্ডারগার্টেনে কর্মরত শিক্ষকেরা নামমাত্র পারিশ্রমিক পেয়ে থাকেন। নতুন একজন শিক্ষকের প্রারম্ভিক মাসিক বেতন মাত্র এক হাজার ৭০০ টাকা, যা একজন পোশাককর্মীর সর্বনিম্ন বেতনের অর্ধেকেরও কম। শিক্ষিত বেকার যুবক-যুবতীরা নিরুপায় হয়ে এসব স্কুলে এত অল্প বেতনে কাজ করতে বাধ্য হন। তাঁরা তাঁদের ন্যায্য দাবি কাউকে জানাতে পারেন না। এই সুযোগে মালিকেরা সস্তা শ্রমে স্কুল পরিচালনা করে প্রচুর টাকা আয় করেন। পক্ষান্তরে শিক্ষকেরা অনাহারে, অর্থকষ্টে মানবেতর জীবন যাপন করছেন। সরকারের শিক্ষানীতির অধীনে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

আমজাদ হোসেন

কালীগঞ্জ, লালমনিরহাট।

সাংবাদিকদের নিরাপত্তা

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা দিনে দিনে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। নিকট অতীত যা সাক্ষ্য দেয় তা হলো, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রমেই নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে তাঁদের। গত সাড়ে চার বছরে ৩৬০ জন সাংবাদিক হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন অনেকেই। চালানো হয়েছে অনেক সংবাদমাধ্যমে হামলাও। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন অনেকটা দুরূহ হয়ে পড়েছে।

এই অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা না হলে সত্য তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হতে হবে দেশের জনগণকে। তাই কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দেওয়ার বিষয়টি অত্যন্ত জরুরি। এর আগে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দেওয়ার জন্য সংশ্লিষ্ট পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে। কিন্তু সিইউজের দাবিটি অত্যন্ত সময়োপযোগী হলেও ব্যাপারটি আর বেশি দূর এগোয়নি। এতে করে চরম ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সাংবাদিকদের। তাঁদের নির্যাতিত হতে হচ্ছে প্রতিনিয়ত।

এভাবেই কি চলবে? সাংবাদিক নির্যাতনের ঘটনা যদি কেবল পত্রপল্লবে বিকশিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে সাংবাদিকদের জাতির বিবেক, সমাজের দর্পণ—যা-ই বলা হোক না কেন, তাদের নিরাপত্তা আর রইল কি? তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবে, এটাই প্রত্যাশিত।

মো. এনামুল হক

চট্টগ্রাম।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের আলোচনা সভায় ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু দু-একটা গাড়ি ভাঙলে আন্দোলন হবে না, ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মীকে রাস্তায় কঠোর অবস্থান নিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বিএনপির এই নেতার প্রতি আমার প্রশ্ন; আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আপনার মুখ থেকে শুনেছি, আপনার নেতা-কর্মীরা এসব জ্বালাও-পোড়াও ও ভাঙচুরে জড়িত নন, বরঞ্চ চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকারের এজেন্টরাই এসব কাজে জড়িত। কিন্তু মুখ ফসকে আপনার কাছ থেকে সত্য কথাটাই বেরিয়ে পড়ল! একেই বলে, ধর্মের কল বাতাসে নড়ে।

শহীদুল আলম

রাউজান, চট্টগ্রাম।