চি ঠি প ত্র
আজ সকালের আমন্ত্রণে
কলকাতার চ্যানেল তারার একটি প্রযোজনার গুণগান গেয়ে সর্বাধিক পাঠকপ্রিয় দৈনিক প্রথম আলোর গত ২৭ জুন সংখ্যার ১০ পৃষ্ঠায় একটি লেখা ছাপা হয়েছে।
মনোযোগ সহকারে লেখাটি পড়ার পর সংগত কারণে কিছু কথা এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক এবং উপযোগী বলে মনে হচ্ছে।
মুস্তাফা জামান আব্বাসী তাঁর এই লেখার এক জায়গায় বিধৃত করেছেন, কলকাতাভিত্তিক চ্যানেল তারা বাংলায় ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানটি প্রতিদিন প্রচার হওয়ায় দিনটি ভরে যায় গানে গানে। অনুষ্ঠানের তিন উপস্থাপক বাঙালি মনমানসিকতার এবং তাঁদের ভালোবাসার জায়গাটি ‘পুরোপুরি’ উপলব্ধি করতে সমর্থ হয়েছেন।
আব্বাসী এখানে একই সঙ্গে লিখেছেন, ‘এতে লাভ হয়েছে, আমাদের শিল্পীরা এখন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জন্য, এটা তাঁরা অনুভব করতে পেরেছেন। জয় করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমা-তুজ-জোহরা, মিতা হক, ইয়াসমীন মুশতারী, খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন ও আরও অনেকে।’
বহু বছর ধরে সমগ্র বাঙালি শ্রোতার প্রশংসাধন্য রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, খায়রুল আনাম শাকিল প্রমুখ শিল্পীরা যে কলকাতার তারা চ্যানেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে লাভবান হয়েছেন, এ খবর আমার মতো একজন শ্রোতার কাছে নতুন তথ্য বলে মনে হয়েছে।
তারা বাংলার আলোচ্য অনুষ্ঠানের কৃতিত্ব দিতে গিয়ে মুস্তাফা জামান আব্বাসী এ তথ্য সংযুক্ত করেছেন, ‘আমাদের টিভি স্টেশনগুলো সকালের গুরুত্ব উপলব্ধি করেছে এবং রিলের মধ্যে আবদ্ধ অনুষ্ঠান না চালিয়ে নতুন নতুন প্রাত্যহিক অনুষ্ঠানের সূচনা করেছে।’
খবরটি দিয়ে লেখক উদাহরণ হিসেবে বাংলাদেশের চারটি চ্যানেলের নাম উল্লেখ করেছেন। এখানে অবশ্যই একটি প্রসঙ্গ অবতারণার দাবি রাখে। আর সেটি হচ্ছে, আমাদের দেশের চ্যানেল আই অনেক বছর ধরে সকালবেলায় গানের বিশেষ অনুষ্ঠান প্রচার করে আসছে। পরে এটি লাইভ অনুষ্ঠানে রূপান্তরিত হওয়ার পর গুণী শিল্পীদের অনুষ্ঠানে উপস্থিত করে সাড়ম্বরে তাঁর জন্মদিন পালন করা, কখনো মৃত্যুবার্ষিকী সামনে রেখে বিশেষ সংগীতায়োজন করা, ঋতুভিত্তিক সংগীত পরিবেশন করা, সম্পূর্ণ নতুন শিল্পীদের উপস্থিত করে প্রাণবন্ত উপস্থাপনা...ইত্যাদি বিষয়গুলো, যা লেখকের উচ্চ প্রশংসিত তারা বাংলার ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানটিতে অনুপস্থিত।
বিনয়ের সঙ্গে একটি কথা বলে শেষ করছি, কোনো বিদেশের অনুষ্ঠান যদি কারও কাছে বিশেষ মূল্যায়নের দাবি রাখে, রাখতেই পারে এবং সেটা যৌক্তিকও হয়, তাহলে সেখানে স্বদেশের অনুষ্ঠানের বিশেষ দিকগুলো বিস্মৃতির গর্ভে নিক্ষিপ্ত করা নিশ্চয়ই বেদনাদায়ক নয় কি?
আসলাম আকবর চৌধুরী, বাসাবো, ঢাকা।