চি ঠি প ত্র
প্রার্থনা
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ফুসফুসে সংক্রমণজনিত কারণে গত ৮ জুন থেকে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শুধু দক্ষিণ আফ্রিকাজুড়ে নয়, পুরো বিশ্বজুড়ে নেলসন ম্যান্ডেলার সুস্থতা কামনা করে চলছে নীরব প্রার্থনা। কেউ চান না এমন মহান নেতার বিদায়। কেননা, ধরণি তাঁর (ম্যান্ডেলা) নিঃস্বার্থ অবদানের পাণ্ডুলিপিকে আরও দীর্ঘায়িত করতে চায়। সেই সঙ্গে নেলসন ম্যান্ডেলার হার না মানা সংগ্রামের ইতিহাসের আলোকে নতুন প্রজন্মকে পথ দেখাতে চায়।
৫০ বছর আগে ১৯৬৩ সালের ২৭ মে কয়েদি হিসেবে প্রথমবারের মতো রোবেন দ্বীপে পা রাখেন ম্যান্ডেলা। এ বছরের ২৭ মে ছিল তাঁর ৫০ বছর পূর্তি। ২৭ বছরের কারাজীবনের ১৮ বছরই কাটে এ দ্বীপে। জেলে তাঁর প্রতি অমানবিক অত্যাচার (যা ছিল শারীরিক ও মানসিকভাবে) তাঁকে তাঁর লক্ষ্য থেকে একচুল পরিমাণ সরাতে পারেনি। পরিবর্তে যেখানে অনেক তরুণ তাঁর ভাবশিষ্যে পরিণত হয়েছিলেন। বেছে নিয়েছিলেন ম্যান্ডেলার আদর্শকে।
ম্যান্ডেলা কখনো প্রতিহিংসাপরায়ণ নন। তিনি সমঝোতায় ও শান্তিতে বিশ্বাসী। বিশ্বাসী অধিকার আদায়ে। তাই তো কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে এবং একটি বর্ণবৈষম্যহীন পৃথিবী গড়তে তিনি সব সময় কাজ করেছেন। তাঁর এই দীর্ঘ সংগ্রামের পথকে চিরন্তন সাধুবাদ জানাই। কামনা করি তাঁর সুস্থতা।
জীবনের সুদীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া, সাম্যের বাণী প্রতিষ্ঠিত করা বর্ণবৈষম্য দূর করার মধ্য দিয়ে, এই ত্যাগী ও মহান রাষ্ট্রনায়কের রোগমুক্তি কামনা করি।
সঞ্জয় কুমার ভৌমিক
সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।