চি ঠি প ত্র
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন
রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস। আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগ-তিতিক্ষার মাস। লক্ষ করা গেছে, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেন। অসাধু ব্যবসায়ীরা রমজান মাসকে অধিক লাভের মাস হিসেবে গণ্য করেন। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ প্রবণতা অন্য কোনো দেশে নেই। বরং অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হয়। রমজান মাসে দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়ার মানসিকতা ত্যাগ করা বাঞ্ছনীয়। রমজান মাসে দ্রব্যমূল্যরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন, চট্টগ্রাম।
কাজটি জরুরি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার দুর্গাপুর একটি গ্রাম। এই গ্রামটির পূর্ব পাশ দিয়ে তুরাগ নদ প্রবাহিত। কিছুদিন আগে তুরাগ নদের ওপরে ব্রিজের কাজ শেষ হয়। তবে নদীর পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন জায়গায় মাটি ভরাটের কাজ বাকি ছিল। ঠিকাদার মাটি ভরাটের কাজ শুরু করেন। কিন্তু সে টাকা বাঁচানোর জন্য বেলে মাটি না ফেলে কম টাকায় তাঁরা এঁটেল মাটি ফেলেন। ফলে মাটি পিচ্ছিল হয়ে যায় এবং মানুষ চলাচল করতে পারছে না। নদীর দুই পাশে অবস্থিত দুটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রী, অফিসগামী কর্মকর্তা ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
মো. আযমত আলী
দুর্গাপুর, কালিয়াকৈর, গাজীপুর।
আই-জিনিয়াস
প্রথম আলো ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব’ আয়োজন করার জন্য। ‘এসো পৃথিবীর পাঠশালায়’ স্লোগান সামনে রেখে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো এই উৎসব। সারা দেশের আনাচকানাচে তথ্যপ্রযুক্তিকে আরও জনপ্রিয় করে তোলা, ইন্টারনেটের অফুরন্ত তথ্যভান্ডারকে উন্মোচিত করাই ছিল এর উদ্দেশ্য। কক্সবাজারের মেয়ে সালমা সুবাহ্ রাইসা নির্বাচিত হয়েছে এবারের আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার। এই বিশাল অর্জনের মাধ্যমে রাইসার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। আমাদের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কারণ, বিভিন্ন বিষয়ে সহজেই জ্ঞান আহরণ করা যায় ইন্টারনেট থেকে। সমাজে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে হবে। রাইসার এই অর্জন শুধু তার নিজস্ব সফলতা নয় বরং এ দেশের সব তরুণ-তরুণীর সফলতা। এই তথ্যপ্রযুক্তির দ্বারা দেশের প্রতিটি ঘর হবে এক একটি জ্ঞানের বিদ্যালয়। আর এটা সম্ভব হলে ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব’ অবশ্যই সার্থকতা পাবে।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা করপোরেশন, ঢাকা।
পুকুর ভরাট ও শাপলা
ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনে শহরের প্রধান একটি সড়কের পাশে আছে একটি পুকুর। বর্ষা শেষে শরৎকালে এই পুকুরে ফুটে থাকত আমাদের জাতীয় ফুল শাপলা। নার্সারি পড়ুয়া আমার পাঁচ বছরের মেয়েকে বইয়ের পাতায় দেখা শাপলা বাস্তবে দেখানোর জন্য প্রায় প্রতিদিন নিয়ে আসতাম এই পুকুরের পাশে। এখন এই পুকুর ভরাট করে ফেলা হচ্ছে। পুকুরের অর্ধেকেরও বেশি অংশ এরই মধ্যে ভরাট করে ফেলা হয়েছে। বাকি অংশ যেকোনো সময় ভরাট হয়ে যাবে। সেই সঙ্গে আমাদের প্রিয় এই ময়মনসিংহ শহর থেকে হারিয়ে যাবে আরও একটি ফুলে ভরা পুকুর।
ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্রসহ দেশের বেশির ভাগ নদ-নদী এখন মৃতপ্রায়। এর মধ্যে আমাদের গ্রামগুলোর পুকুর যদি এইভাবে ভরাট হতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে দেশীয় প্রজাতির সব মাছ আর আমাদের জাতীয় ফুল শাপলা। বিশেষ করে বর্তমান সময়ে যখন শুষ্ক মৌসুমে আমাদের দেশের নিচু জলাভূমিতে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে জাতীয় ফুল শাপলার মূলগুলো টুকরো টুকরো হয়ে যাওয়ায় শাপলা ফুলের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন এভাবে পুকুর ও নিচু জলাভূমি ভরাট আমাদের জাতীয় ফুল শাপলার জন্য হুমকিস্বরূপ।
আমাদের দেশে পুকুর উন্নয়ন আইন বলে নির্দিষ্ট কিছু আইন আছে। তার পরও সরকারের পরিবেশ অধিদপ্তরের কাছে অনুরোধ, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়, সর্বোপরি দেশের মানুষের মঙ্গলের জন্য পুকুরসহ সব ধরনের জলাশয় ভরাটের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। তা না হলে মৎস্যবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে মহাশোল মাছের মতো অদূর ভবিষ্যতে আমার ছাত্রদের গবেষণাগারে পুকুর ও জলজ উদ্ভিদ শাপলার নমুনা দেখাতে হবে।
শিল্পী
এমএইটিআই, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ।