চি ঠি প ত্র
বুয়েটের পরীক্ষা
টার্ম ফাইনাল পরীক্ষা দফায় দফায় পেছানোর চক্র থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটিতে গত কয়েক বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক অস্থিরতার ফলস্বরূপ হরতাল, অবরোধ প্রভৃতি কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। এর সঙ্গে প্রতিবছরই টার্ম ফাইনাল পরীক্ষার নির্ধারিত তারিখ নিয়ে শুরু হয় দর-কষাকষি।
বছরে দুটি ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা থাকলেও সম্প্রতি কোনোমতে একটা পরীক্ষা শেষ করতে পারছে শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় এবারও ২০১১-১২ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষা ২০১৩-এর মাঝামাঝি দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তারিখ দুই দফা পেছানোর ফলে শিক্ষার্থীরা প্রায় তিন মাসের ‘প্রিপারেশন লিভ’ বা পিএল পেতে যাচ্ছে! উল্লেখ্য, গত বছরের টার্মেও একই অবস্থা ছিল।
অথচ গত বছর শিক্ষকদের ভিসি-প্রোভিসি অপসারণ আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের যে অপূরণীয় ক্ষতি হয়েছিল, সেটা যথাসম্ভব পূরণ করে দেওয়ার প্রত্যয় ছিল শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যেই। কিন্তু বছর ঘুরতে না-ঘুরতেই সেই পুরোনো চেহারা।
এ বছর মাত্র একটি টার্মে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের ক্লাস হয়েছে মোট ১৪ সপ্তাহ। টার্মের ক্লাস শুরু হয়েছিল ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এবং শেষ হয়েছে জুনের তৃতীয় সপ্তাহে। মাঝখানে এক সপ্তাহ ‘মিড টার্ম ব্রেক’ এবং হরতাল-অবরোধজনিত বন্ধে মোট তিন সপ্তাহ ক্লাস হয়নি। এমতাবস্থায় নির্ধারিত ক্লাস শেষ করতেই এত দীর্ঘসূত্রতার পর পরীক্ষার প্রস্তুতির জন্য বুয়েট প্রশাসন দুই সপ্তাহ পিএল নির্ধারণ করে। কিন্তু বুয়েটের প্রহসনের প্রশাসন এটা ভালো করেই জানে যে শিক্ষার্থীরা কখনোই তাদের ঐতিহ্য (!) ভেঙে নির্ধারিত সময়ে পরীক্ষা দেবে না। কারণ, তাদের সমুদ্রসমান বিশাল সিলেবাস (!) এই দুই সপ্তাহে পড়ে শেষ করা সম্ভব নয়!
অথচ বাস্তবতা হলো, পিএল শুরু হওয়া মাত্রই তারা ব্যস্ত হয়ে যায় ভর্তি কোচিংয়ে ক্লাস নিতে, দেশ-বিদেশে ভ্রমণ করতে, সিনেমা দেখা আর টিউশনিতে। এসব কথা প্রশাসনের অজানা নয়। তার পরও পরীক্ষা পেছানোর জন্য যখন হলে হলে মিছিল শুরু হয়, প্রশাসন তখন কান খাড়া করে রাখে। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা দাবি উত্থাপন করামাত্রই শিক্ষার্থীদের সাফল্যময় ভালো ফলের জন্য (!) পরীক্ষা এক দফা পেছানো হয়ে যায়। এমন সুবিধা আর কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় কি না সন্দেহ আছে!
এ বছর পরীক্ষা পেছানোর একটা শক্ত অজুহাত এসে যোগ হয়েছে পবিত্র মাহে রমজান। দীর্ঘ ১৫ ঘণ্টা রোজা রেখে পরীক্ষার্থীরা ক্লান্ত হয়ে যাবে এবং আশানুরূপ পরীক্ষা দিতে পারবে না—এই অজুহাতে তারা আবারও এক দফা পরীক্ষা পিছিয়ে ঈদের পরে নিয়ে গেছে। কিন্তু ঈদের পর আদৌ সেই পরীক্ষা নির্ধারিত তারিখে শুরু হবে কি না, সেটা ভাবার বিষয়। একই সঙ্গে বুয়েটের ভর্তি পরীক্ষা এবং ২০১৩ ব্যাচের নতুন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের ক্লাস কবে শুরু হবে, সেটা নিয়েও গভীর সংশয় রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টাই একটা প্রহসনে পরিণত হয়েছে।
পরীক্ষা পেছানোর ইঁদুর-বিড়াল খেলায় শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষই শামিল। কিন্তু এতে লাভবান হচ্ছেন শিক্ষকেরা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ সেশনজটের কারণে সমসাময়িক ব্যাচের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় তারা এক থেকে দুই বছর পিছিয়ে যাচ্ছে। ফলে উচ্চতর শিক্ষায় এবং চাকরি ক্ষেত্রে তাদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এ ব্যাপারে হতাশাগ্রস্ত থাকলেও শিক্ষক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। নতুবা এই ভয়াবহ ক্ষতিকর সিস্টেম লস প্রতিরোধ করতে তারা যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নিত। কিন্তু বাস্তবে এমনটা হচ্ছে না।
সেশনজটের পরিমাণ দিন দিন বাড়ছেই। এই জটের দুষ্টচক্র থেকে রেহাই পেতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে দেশের স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির সুনাম নিজ দেশে এবং বহির্বিশ্বে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
বুয়েটের একজন শিক্ষার্থী।