চি ঠি পত্র
সিংড়ার বিয়াশ মেলা
নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ কালীমাতার মেলা ১৪ মে মঙ্গলবার। আজ থেকে প্রায় আড়াই দশক আগে হিন্দু ধর্মাবলম্বীরা কালীমাতা পূজা উপলক্ষে প্রথমত মেলার আয়োজন করলেও এখন আর তা নেই। এই মেলা এখন বিয়াশসহ পার্শ্ববর্তী ১৫-২০টি গ্রামের হিন্দু-মুসলিমদের একমাত্র এবং সবচেয়ে বড় সামাজিক উৎসব। মেলা ঘিরে অত্র অঞ্চলে এখন থেকেই শুরু হয়েছে সাজ সাজ রব। জামাই-ঝিকে বাড়িতে নিয়ে আসা, লোক-কুটুম দাওয়াত, বাড়ি-ঘর লেপা-মোছা, ঝুরি তৈরি, খই-মুড়ি ভাজা—সব মিলিয়ে তারা এখন খুবই ব্যস্ত। মেলার দিন যতই এগিয়ে আসছে, অত্র মেলা-অঞ্চল যেন ততই উৎসবমুখর হয়ে উঠছে।
এই মেলার বড় আকর্ষণ হলো জ্যৈষ্ঠ মাসের আগাম টসটসে লিচু ফল, দেশি প্রজাতির বড় মাছ, তরতাজা গরু-মহিষ ও খাসির মাংস, কাঠ-ফার্নিচার, শীতলপাটি, নাগরদোলা, হোন্ডা খেলা, হরেক রকম খেলনার সামগ্রী এবং নানা স্বাদের দই-মিষ্টি।
মূলত এই সময়ে কৃষিপ্রধান এই অঞ্চলের লোকজন একদিকে যেমন নতুন ইরি-বোরো ধান পাওয়ার আনন্দে মশগুল, সেই সঙ্গে গ্রামবাংলার এই সামাজিক উৎসব সত্যিকার অর্থেই ঘরে ঘরে বাড়তি আনন্দঘন মুহূর্ত উপস্থাপন করে।
কিন্তু দুঃখের বিষয়, উৎসবমুখর এই সামাজিক মেলাকে কেন্দ্র করে প্রতিবছরই জুয়ার আসর বসে, যা এ অঞ্চলের কিছু মানুষকে নিঃস্ব করে দেয়। মেলার এক পাশে বসে জমজমাট জুয়ার আসর। দূর-দূরান্তের আগত জুয়াড়ির দল এসে এখানে হাজির হয়। মেলার পূর্ব রাত থেকে শুরু করে মেলার পরের দিন রাত পর্যন্ত চলে জমজমাট এই জুয়ার আসর। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই আকর্ষণীয় এই জুয়ার ফাঁদে পড়ে টাকাপয়সা হারিয়ে চাপা কান্না নিয়ে বাড়ি ফেরেন। অপর দিকে জুয়া পার্টিরা নীরব কৌশলে সহজ-সরল মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় জনগণ এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে বারবার অভিযোগ করলেও কোনো বছরই এই জুয়া বন্ধ করা সম্ভব হয়নি। তারা জানায়, একশ্রেণীর স্বার্থলোভী মানুষ মোটা অঙ্কের টাকার বিনিময়ে থানা প্রশাসনকে ম্যানেজ করে প্রতিবছরই এই জুয়ার আসর অব্যাহত রেখেছে। এ বছরও সেই সর্বনাশা জুয়ার আশঙ্কা করা হচ্ছে।
গ্রামবাংলার এই লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে জুয়ার মতো অসামাজিক কর্মকাণ্ড হতাশাজনক। এই অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছি।
সৌরভ সোহরাব
আয়েশ, সিংড়া, নাটোর।
বাংলাদেশ গেমস
১১ বছর পর বসেছিল বাংলাদেশ অলিম্পিকের আসর। ৩১টি খেলায় দুই হাজার ২৪৩টি পদকের জন্য ১০২টি দলের ছয় হাজার ৮৫৫ জন অ্যাথলেট লড়াই করেছেন। নয় দিন ধরে চলেছিল এই প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে। অষ্টম বাংলাদেশ গেমসের সমাপনী অনুষ্ঠানে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠেছিল উৎসবমুখর দিনগুলোর সেরা মুহূর্তগুলো। বসেছিল খেলোয়াড়, ক্রীড়া সংগঠন, ক্রীড়া সংগঠকদের মিলনমেলা। অনেক দিন পর দর্শকেরাও উপভোগ করলেন প্রতিটি খেলা। সাভার ট্র্যাজেডিতে শোকের ছায়া ছিল সমাপনী অনুষ্ঠানে।
টানা চতুর্থবারের মতো নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ আনসার, ১১১টি স্বর্ণপদক নিয়ে। সঙ্গে রয়েছে ৭৪টি রুপা ও ৬৫টি ব্রোঞ্জপদক। আর ৬৭টি সোনা, ৩৯টি রুপা ও ৩৭টি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে সেনাবাহিনী। এই চরম প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে এসেছে নতুন মুখ। আর অবসরে গেছেন কৃতী খেলোয়াড়ও। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার পেয়েছেন চারটি রেকর্ডসহ সাতটি সোনাজয়ী সাঁতারু মাহফিজুর রহমান ও একটি রেকর্ডসহ ছয়টি সোনাজয়ী সোনিয়া আক্তার। এ সাফল্য ধরে রাখতে হবে খেলোয়াড়দের এবং দেখাতে হবে কৃতিত্ব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে।
বাংলাদেশ গেমসের মাধ্যমে একদিকে যেমন অনেক প্রতিভাবান খেলোয়াড়ের সন্ধান পাওয়া সম্ভব, তেমনি ক্রীড়াঙ্গনে একটি মধুর সম্প্রীতি, পারস্পরিক যোগাযোগ, খেলোয়াড় ও সংগঠনগুলোর নিজের আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়বে। আশার কথা হলো, বিওএর (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, এখন থেকে চার বছর পর পর নিয়মিতই বাংলাদেশ গেমস আয়োজিত হবে। ঘোষণা যেন ঘোষণাই রয়ে না যায়। এ ধরনের সফল আয়োজন চালিয়ে যেতে চাই বাস্তব পদক্ষেপ। এভাবে হয়তো একদিন বাংলাদেশের খেলোয়াড়েরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সাফল্য পাবেন।
সঞ্জয় কুমার ভৌমিক
সহশিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।