চি ঠি পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা

সাম্প্রতিক কালে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হচ্ছে সাভারে ভবনধস। এ ঘটনায় আমরা পুরো জাতি শোকে পাথর হয়ে গেছি। যখন এ ঘটনা সংঘটিত হয়, তখন এই দেশের কিছু নিঃস্বার্থ দেশপ্রেমিক ও অপ্রশিক্ষিত ব্যক্তি সব ভয় ও কষ্ট উপেক্ষা করে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। এসব আলোকিত মানুষ কোনো রকম স্বার্থ ছাড়াই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ব্যাপকসংখ্যক জীবিত ও মৃত মানুষকে উদ্ধার করেন। সবচেয়ে বড় কথা হলো তাদের প্রবল আগ্রহ, চেষ্টা ও পরিশ্রমের ফলে এতগুলো জীবিত প্রাণ উদ্ধার করা সম্ভব হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সময়মতো তাঁরা না এলে আরও অনেক প্রাণের আলো নিভে যেত। সম্প্রতি রাজনৈতিক বিরোধে আমাদের দেশ সম্পূর্ণ বিভক্ত হয়ে গেছে। সেখানে তাঁরা ঐক্যের বারতা নিয়ে এসেছেন। আলোর পথের এসব যাত্রী এখনো অপেক্ষা করছেন কখন তাঁদের আবার এই উদ্ধারকাজে ডাক আসে। কারণ, এখন ভারী যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ, যাঁরা এই উদ্ধারকাজে অংশগ্রহণ করেছেন, তাঁদের সবাইকে রাষ্ট্রীয় পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হোক। কারণ, এই কাজ মোটেই সহজ ছিল না। এসব নিঃস্বার্থ ব্যক্তির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। কারণ, এসব আলোকিত মানুষের জন্য আমাদের এই পৃথিবীটা এত সুন্দর ও কল্যাণময়।

মো. আরিফুর রহমান

ঢাকা।

বর্তমান সময়ে বাংলাদেশে ভবনধস ও অগ্নিকাণ্ড নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অথচ কোথাও কোনো দুর্ঘটনা ঘটার আগে এর সমাধানের ব্যবস্থা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী একটি হল মুহসীন হল। পাঁচতলাবিশিষ্ট ১৯৬৭ সালে তৈরি করা এ হলে প্রচণ্ড ঝুঁকি নিয়ে বসবাস করছেন ছাত্ররা। খালি চোখেই এর জীর্ণ অবস্থা চোখে পড়ে। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকলেও বাধ্য হয়েই থাকতে হচ্ছে ছাত্রদের।

অন্যদিকে ক্যাম্পাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইমারত কেন্দ্রীয় গ্রন্থাগার। সেখানে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন কিন্তু এর ভেতর ঢোকার জন্য যে দরজাটি রয়েছে, তা অনেকের একসঙ্গে বের হওয়ার জন্য যথেষ্ট নয়। আবার এর ভেতরের সিঁড়িগুলোও খুবই সংকীর্ণ।

তবে অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটলে সেটিও কম হূদয়বিদারক হবে না।

সাদ্দাম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়।