চি ঠি পত্র
ইংরেজি মাধ্যমের দুর্ভোগ
মনে যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে লেখাটি লিখছি। আমি রাজধানীর একটি স্বনামধন্য স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণীর ছাত্র। ইংরেজি ভাষায় দেশীয় শিক্ষার এ ধরন সত্যিই অভাবনীয়। কিন্তু বর্তমানে ইংরেজি ভার্সনের যথাযথ সম্মান ও গুরুত্ব দেওয়া হচ্ছে না। বাংলাদেশ সরকার বছরের প্রথম দিন বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সক্ষম হলেও, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা তা পেয়েছে দুই মাস পরে। দীর্ঘ দুই মাস বই ছাড়া পড়তে না পারায় আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু তার থেকেও ভয়ংকর তথ্য হলো, দীর্ঘ দুই মাস পরে ইংরেজি ভার্সনের যেসব বই অবশেষে শিক্ষার্থীরা পেয়েছে, তা অসম্ভব ভুলে ভরা। যেহেতু বাংলা মাধ্যমের বইগুলো সরাসরি ইংরেজিতে অনুবাদ করা হয়, সে ক্ষেত্রে সঠিক অনুবাদই গ্রহণযোগ্য কিন্তু ইংরেজি ভার্সনের বইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বাক্যই বাদ দেওয়া হয়েছে, যা বাংলা মাধ্যমের বইগুলোতে লেখা হয়েছে। উল্লেখ্য, অনেক স্কুলে এখনো ইংরেজি ভার্সনের হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এবং বৌদ্ধ ও খ্রিষ্টধর্মাবলম্বী শিক্ষার্থীরা ইংরেজি সংস্করণের বই এখনো পায়নি। সর্বশেষ মতে, অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়ে কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন: দুই মাস পরে হাতে বই ও এখন পর্যন্ত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্ম শিক্ষার বই না পেয়ে কীভাবে পাঁচ মাসের মধ্যে পরীক্ষার প্রস্তুতি সম্ভব?
উল্লেখ্য, ২০১৩ শিক্ষাবর্ষের মানবণ্টনে জেএসসিতে নতুন দুটি বিষয় যোগ করা হয়েছে। মোট ১১টি বিষয়। প্রতিদিন হরতাল ও অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কারণে ঠিকমতো স্কুলে ক্লাসও হচ্ছে না। আমরা সবদিক থেকে পিছিয়ে পড়ছি। ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সংখ্যা একেবারে লঘুও নয়।
মাননীয় কর্তৃপক্ষের কাছে সব ইংরেজি ভার্সনের জেএসসি পরীক্ষার্থীর পক্ষ থেকে বিনীত অনুরোধ, ওই পরিস্থিতির কথা বিবেচনা করে জেএসসি পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়া হোক। বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ভার্সনেরও সমান গুরুত্ব থাকা অবশ্যই উচিত।
হিমালয় সরকার
অষ্টম শ্রেণী, ঢাকা।