একজন চিকিৎসক তৈরি করতে সরকারের সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়৷ যাঁরা চিকিৎসাশাস্ত্রে পড়ালেখা করছেন, তাঁরা অবশ্যই মেধাবী। তাই সরকার তাঁদের শিক্ষা খাতে জনগণের টাকা ব্যয় করতে কার্পণ্য করে না। কিন্তু একজন অপরাধীও মেধাবী। মেধা না থাকলে অপরাধী হওয়া যায় না। কিন্তু চিকিৎসক ও ক্রিমিনাল আমরা এক পাল্লায় মাপতে চাই না।
অনেক চিকিৎসক বলে থাকেন, তাঁরা মানবসেবা করেন। কিন্তু যাঁরা ময়লা-বর্জ্য পরিষ্কার করেন কিংবা যাঁরা শিক্ষা দেন, তাঁরাও কি মানবসেবক নন? উভয়ের কাজই তো অর্থের বিনিময়ে। ইদানীং চিকিৎসকদের কর্মবিরতি হরহামেশাই ঘটছে। চিকিৎসক আমাদেরই ভাইবোন। তাঁরা সমাজের আলাদা কেউ নন। তাঁরা যদি অন্যায়ের শিকার হন, সমাজের অন্য মানুষের মতো তাঁরাও আইনের আশ্রয় নেবেন। কিন্তু কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলেই রোগী জিম্মি রেখে আন্দোলন কেন? এটা সমাজের সব শ্রেণির মানুষকেই বিস্মিত করে। তখন আর মনে হয় না যে তাঁরা সমাজের মেধাবী, বিবেকবান ও মানবসেবায় শপথ গ্রহণকারী কোনো মানুষ।
আমরা চিকিৎসকদের শ্রদ্ধা করি। আমরা চাই তাঁরা পেশাগত দায়িত্ব অক্ষুণ্ন রেখেই ক্ষোভ প্রকাশ করুন। তা না হলে আমরা ধরে নেব, চিকিৎসক শুধু অর্থের বিনিময়ে সেবা দেওয়া একজন চিকিৎসক—মানুষ নন।
নাহিদ হোসেন
চৌমুহনী, কুমিল্লা৷