চিকিৎসক, না নির্যাতক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদেরও কলঙ্ক থাকে, কিন্তু সেটা কলঙ্কই, গৌরবের কিছু নয়৷ যখন একজন চিকিৎসক নির্যাতকের ভূমিকায় নামেন, তখন তিনি মহান চিকিৎসা পেশায় কলঙ্ক আরোপ করেন৷ প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে গত মঙ্গলবার একটি হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান তাঁর হাসপাতালে ডেকে নিয়ে কয়েকজন সহকর্মী মিলে নির্মমভাবে পিটিয়ে আহত করেন৷ লাথি, কিল, ঘুষি—কোনোটাই বাদ রাখেননি৷ এরপর তাঁকে জোর করে একটি বানোয়াট স্বীকারোক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়৷
প্রশ্ন ওঠে, তিনি কি চিকিৎসক, না নির্যাতক? ওই চিকিৎসক সরকারি হাসপাতালের চাকরিরত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে পূর্ণকালীন চাকরি করছেন, এমন অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাওয়ায় সাংবাদিককে তিনি পিটিয়েছেন৷ অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ করা সাংবাদিকের পেশাগত দায়িত্বের অংশ৷ রোগীর সংক্ষুব্ধ আত্মীয়স্বজনের সঙ্গে চিকিৎসকদের অপ্রীতিকর সংঘর্ষের দুঃখজনক ঘটনাগুলোর সঙ্গে এ ঘটনা গুলিয়ে ফেলার সুযোগ নেই৷ সাংবাদিকেরা যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকদের হামলার শিকার হন, তাহলে সমাজে চরম নৈরাজ্য ও সহিংসতা নিত্য ঘটনায় পরিণত হবে, যা কেউ চান না৷ কিন্তু এসবই চলছে৷
এ ঘটনায় শুধু সাংবাদিক সমাজ নয়, চিকিৎসকদের একটি বড় অংশও প্রতিবাদমুখর হয়েছে৷ আহত সাংবাদিককে সমবেদনা জানাতে শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি অনেক চিকিৎসকও হাসপাতালে গিয়েছেন৷ কারণ, সাংবাদিক শিশিরের পেশাগত সততা, সত্যনিষ্ঠা ও নির্ভীকতা সম্পর্কে সবাই ভালোভাবেই জানেন৷ তাই চিকিৎসক সমাজ সোচ্চার হলে অভিযুক্ত নির্যাতক চিকিৎসকের উচিত শিক্ষা হবে৷
স্বাস্থ্য প্রতিমন্ত্রী দায়ী চিকিৎসকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন৷ চিকিৎসকদের পেশাগত বিষয়সম্পর্কিত সংস্থা বিএমডিসি আলোচ্য হাসপাতালের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন৷ কিন্তু বিষয়টি যেন নোটিশ প্রদানেই সীমাবদ্ধ না থাকে৷ অবৈধভাবে ‘অধ্যাপক’ পদবি ব্যবহার ও পেশাগত অসদাচরণের জন্য অভিযুক্ত চিকিৎসকের সনদ বাতিল হওয়াই বাঞ্ছনীয়৷
আহত সাংবাদিকের যথাযথ চিকিৎসা, মানসিক ও শারীরিক জখমের ক্ষতিপূরণের ব্যবস্থা তো করতে হবেই; কিন্তু অভিযুক্ত চিকিৎসকের বিচার ও দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা না হলে সমস্ত বিষয়টি পরিহাসে পরিণত হবে৷ প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই৷