বারডেম হাসপাতালের সুনাম সুবিদিত। সেখানে চিকিৎসকের অবহেলায় একজন রোগীর মৃত্যুর অভিযোগের যথাযথ তদন্ত ও প্রতিকারের দাবি জানাতে পারতেন রোগীর আত্মীয়স্বজন। কিন্তু তাঁরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাধানের পথে না গিয়ে ৬০-৭০ জনের এক বাহিনী নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। দুই চিকিৎসক আহত। একজন নারী চিকিৎসক লাঞ্ছিত। হাসপাতালের টেলিভিশন, কম্পিউটার ও পানির ফিল্টার ভাঙচুর। হাসপাতালে এ ধরনের সহিংস আক্রমণ চালানো হলে চিকিৎসকেরা কোন ভরসায় রোগীর চিকিৎসা করবেন? ভয়ভীতির মধ্যে চিকিৎসাসেবা চলতে পারে না। তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবি বারডেমের চিকিৎসকেরা করেছেন, তার ন্যায্যতা স্বীকার করে সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
পাশাপাশি চিকিৎসকদের মহান দায়িত্বের কথাও আমরা স্মরণ করিয়ে দেব। তাঁরা প্রতিকারের দাবিতে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রেখে অগণিত রোগীর জন্য দুর্ভোগ ডেকে এনেছেন। এটা সমর্থন করা যায় না। তবে জরুরি বিভাগ, অন্তর্বিভাগ, আইসিইউ ও সিসিইউতে চিকিৎসা অব্যাহত রেখে চিকিৎসকেরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা রোগীদের জন্য স্বস্তিদায়ক হয়েছে।
রোগীর স্বজনেরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে চিকিৎসকেরা তাঁদের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল না বলে দাবি করেছেন। কেবল সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব। হাসপাতালের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার ভিত্তিতে চিকিৎসকদের দায়দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করি। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে শাহবাগ থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তার ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকেও তদন্ত করে দেখা হোক। হাসপাতালে এ ধরনের অরাজকতা চলতে দেওয়া যায় না। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য স্বাস্থ্যমন্ত্রী যে অনুরোধ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানিয়েছেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা আশা করি।
হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা, অথবা হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি—কোনোটাই বাঞ্ছিত নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহল সচেতন থাকবে বলে আমরা আশা করি।