চিকিৎসকদের 'নির্মম' প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চিকিৎসকদের ধর্মঘট! আবারও হাসপাতালের সদর দরজায় তালা! আবারও মুমূর্ষু ও আহত রোগীদের ফিরে যেতে হয়েছে বিনা চিকিৎসায়! জীবনের মূল্য আর সবচেয়ে বেশি নয়, সবচেয়ে বেশি মূল্য বুঝি একটি পেশার মানুষদের বিশেষ ‘মর্যাদা’ এবং জবাবদিহির বাইরে থাকার বিশেষ ‘অধিকার’৷ যা-ই ঘটুক, এমনকি যুদ্ধকালেও চিকিৎসকেরা সেবাপ্রার্থীকে ফিরিয়ে দেন না৷ এটা সর্বজনীন নৈতিকতা৷ অথচ বাংলাদেশের চিকিৎসকদের একটা অংশ মনে করে, সেবা দেওয়ার চেয়ে তাদের পেশার মর্যাদাই বড়৷ তাই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানিবশ চিকিৎসকেরা তঁাদের সঙ্গে সংঘাতের প্রতিবাদে হাসপাতাল ‘বন্ধ’ করে দিয়েছেন৷
বিভিন্ন জেলা ও বিভাগের সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে রোগী, রোগীর স্বজন ও সাংবাদিকদের বিবাদ ও সংঘাত ঘটতে দেখা যাচ্ছে৷ সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের লিফটে রোগীর আত্মীয় ওঠাকে কেন্দ্র করে সংঘাত হয়৷ প্রতিক্রিয়ায় ওই ছাত্ররা, যঁারা আবার ক্ষমতাসীন ছাত্রলীগের নেতা-কর্মী, তঁারা ছাত্রদের দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের জানালার কাচ ভাঙচুর করে প্রতিহিংসা চরিতার্থ করেন৷ ঘটনা ঘটল পঁাচ-ছয়জনের মধ্যে৷ কিন্তু জড়িত হয়ে গেলেন অনেক শিক্ষানবিশ চিকিৎসক ও ছাত্র! আর তার খেসারত দিল হাসপাতালের হাজার হাজার রোগী এবং সেখানে চিকিৎসা নিতে যাওয়া দুস্থ রোগীরা৷
হাত থেকে রক্ত ঝরছে, তবু তালাবদ্ধ দরজা খুলল না৷ বিষ খেয়ে মরণাপন্ন; তবু দয়া হলো না৷ দরজার সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা অসুস্থের কাতরোক্তি; তবু কারও দায়িত্ববোধ জাগল না৷ পেশাগত দায়বদ্ধতা, সরকারি আইন এমনকি চিকিৎসাপ্রার্থীকে কোনো অবস্থায় ফিরিয়ে না দেওয়ার উচ্চ আদালতের নির্দেশ; কিছুই মানলেন না তঁারা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তিন ছাত্রেরও কোনো অধিকার ছিল না কতিপয় চিকিৎসকের জন্য জরুরি বিভাগে হামলে পড়ার৷ তঁারা সুস্পষ্টভাবেই অপরাধ করেছেন৷ কিন্তু এর প্রতিক্রিয়ায় চিকিৎসকদের বেপরোয়া ধর্মঘটও অন্যায়৷ এসব বন্ধে আইন করতে হবে৷ যে শ্রদ্ধার আসনে চিকিৎসকেরা আছেন, আচরণের দোষে তঁাদের সেটা হারানো ঠিক নয়৷ চিকিৎসা প্রশাসনকেই যা করণীয়, দ্রুত তা করতে হবে৷