বর্তমানে কোনো কোনো ডাক্তার মনে হয় হিপোক্রিটাস ওথ ভুলে যেতে বসেছেন। হিপোক্রিটাস চিকিৎসাশাস্ত্রের আদি গুরু। প্রায় পৌনে তিন হাজার বছর আগে তাঁর জন্ম। একবার শিষ্যদের গাছতলায় জড়ো করে তিনি একটি শপথবাক্য পাঠ করান। শপথবাক্যটি ছিল, ‘অতঃপর আমি শপথ গ্রহণ করছি যে জেনেশুনে এবং ধর্মত রোগীর ক্ষতি হয় এমন কোনো ওষুধ দেব না। শত্রু-মিত্রভেদে সব রোগীকে সমান মনপ্রাণ দিয়ে চিকিৎসা করব এবং তার মানসিক দুশ্চিন্তা লঘু করার জন্য সব সময় ভরসা দেব।’ হিপোক্রিটাস শপথবাক্য পাঠ করিয়েছিলেন এ জন্য যে ডাক্তার হলেও প্রত্যেকেই মানুষ এবং মানুষ মাত্রই হিংসা-দোষ আছে। এসবের বশবর্তী হয়ে চিকিৎসা করতে গেলে রোগীর জীবন বিপন্ন হতে পারে। তা যাতে না হয়, এই ছিল শপথবাক্য পাঠ করানোর মূল দর্শন। পৌনে তিন হাজার বছরে পৃথিবীর চেহারার বহু পরিবর্তন হয়েছে। কিন্তু শপথবাক্যটি আছে। আর আছে বলেই পৃথিবীর দেশে দেশে সার্টিফিকেট দেওয়ার সময় ডাক্তারদের ওই শপথবাক্য পাঠ করানো হয়। কিন্তু এর পরও প্রশ্ন করতে হয়, ডাক্তাররা কি এ শপথ মেনে চলছেন?
এ প্রসঙ্গে বিএমএর প্রতি আমার একটি আবেদন আছে। হাতের আঙুলের মতো সব ডাক্তারও সমান বা এক রকম হন না। ভালো-মন্দ মিলিয়েই সমাজ। তবে কথায় আছে, এক ফোঁটা চোনা এক মণ দুধ নষ্ট করার জন্য যথেষ্ট। আর যথেষ্ট বলেই ডাক্তারি পেশার মহত্ত্ব রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া খুবই জরুরি। দু-চারজনের অসুস্থ মানসিকতার জন্য সবার পেশা কলুষিত হবে, এটা ভাবা যায় না।
ডা. আনোয়ারুল হোসেন
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।