ঢাকা চিড়িয়াখানার দুই কর্মকর্তার শক্তি আর ক্ষমতার উৎসকে বিস্ময়কর বলেই মনে হবে। কারণ, অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠার পরও এই দুজনের কাছে ‘নাকাল’ হয়ে পড়েছে খোদ সংসদীয় স্থায়ী কমিটি! এই দুজনের একজন চিড়িয়াখানার ভূসম্পত্তিবিষয়ক কর্মকর্তা, অন্যজন প্রাণিপুষ্টি কর্মকর্তা। দুর্নীতি আর অনিয়মের অভিযোগ মানেই অর্থ নয়ছয়ের অভিযোগ। নয়ছয় করা এই অর্থই কি তাঁদের শক্তি আর ক্ষমতার উৎস?
২০০৮ সাল থেকে ঢাকা চিড়িয়াখানায় দায়িত্ব পালন করে যাচ্ছেন এই দুই কর্মকর্তা। তাঁদের একজন চিড়িয়াখানার দরপত্র কমিটির আহ্বায়ক এবং অন্যজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বর্তমান সরকারের পুরো সময় ধরে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এসব কাজে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। কিন্তু গত পাঁচ বছরে তাঁরা যে চিড়িয়াখানায় তাঁদের রাজত্ব কায়েম করেছেন! তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের। সংসদীয় কমিটি তাই চিড়িয়াখানা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে এবং মন্ত্রণালয় তাঁদের সরানোর উদ্যোগ নেয়। কিন্তু তাঁরা সরছেন না।
বোঝা যায়, ঢাকা চিড়িয়াখানায় এত মধু যে কোনোভাবেই একে ছাড়তে রাজি নন এই দুই কর্মকর্তা। আর এই মধু এতই মিষ্টি যে এই দুই কর্মকর্তা পদোন্নতি পেলেও ঢাকা চিড়িয়াখানার এই দুটি নিম্ন পদেই চাকরি করতে বেশি আগ্রহী! কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই দুই কর্মকর্তা নিজেদের ইচ্ছামতো যা চাইছেন, তা করতে পারছেন কীভাবে? মন্ত্রণালয় তাঁদের কাছে জিম্মি হলো কীভাবে? এটা স্পষ্ট যে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার সাহায্য-সমর্থন ও যোগসাজশেই তাঁরা যা খুশি তা-ই করতে পারছেন। দুর্নীতির যে অভিযোগ উঠেছে, মন্ত্রণালয়ও সেই প্রক্রিয়ার বাইরে নেই। কাউকে দুর্নীতি করার সুযোগ করে দেওয়াও বড় দুর্নীতি।
চিড়িয়াখানার যে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত যেমন প্রয়োজন, তেমনি মন্ত্রণালয়ের কারা এই দুই কর্মকর্তার পেছনে রয়েছেন, খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অনিয়ম ও দুই কর্মকর্তার স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।