চিন্তাযুক্ত আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় এবার পাস করেছে প্রায় ৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২২ হাজার ৩১৩। আমরা সবাই পাসের হার নিয়ে আনন্দিত। পাশাপাশি এর মান নিয়েও শঙ্কিত। এসব উত্তীর্ণ শিক্ষার্থী যদি সম্মানজনক পর্যায়ে গিয়ে শিক্ষাজীবন সমাপ্ত করে, তবে আমরা আশাবাদী। কিন্তু এর আগেই যদি কম মেধার চাপে একটা অংশ ঝরে পড়ে, তবে সেটা বিশাল হতাশার চাপ সৃষ্টি করতে পারে৷
এই বিশাল পাসের হার আপাতদৃষ্টিতে নিঃসন্দেহে শুভ। নতুন নতুন গজিয়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর অভাব হবে না। অভিভাবকেরা দেবেন সুখনিদ্রা সন্তানের অভাবনীয় সাফল্যে। আত্মবিশ্বাসের চাপে শিক্ষার্থীর মন থাকবে ভরপুর। কিন্তু সেখানে যদি কিছু ক্ষেত্রে মেধার মান কম থাকে, তবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত পয়ে পড়বে। হতাশার চাদর আঁকড়ে ধরে বেছে নিতে পারে যেকোনো পন্থা।
এই সময়ের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরে কোনো শিক্ষণীয় জ্ঞানমূলক বই পড়ার সময় বের করতে পারে না। কিংবা লাইব্রেরিতে গিয়ে কিছুটা সময় ব্যয় করার মানসিকতা অনেকের নেই বললেই চলে। এদিকে বিভিন্ন শ্রেণীর জন্য নির্ধারিত নতুন বইগুলো গুণেমানে সেরা। বইগুলো যদি পুরোপুরিভাবে পড়া হয় কিংবা পড়ানো হয়, তবে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। কিন্তু সাজেশনভিত্তিক সীমাবদ্ধ পড়ার প্রতি শিক্ষার্থীদের এতটাই প্রবল ইচ্ছা কাজ করে যে সদিচ্ছাগুলো ব্যর্থ হয়।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।