প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে জয়ী মন্ত্রী-সাংসদেরা যে সংবর্ধনা নেওয়ার প্রতিযোগিতায় মোটেই পিছিয়ে নেই, তার প্রমাণ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের গত শুক্রবারে নিজ নির্বাচনী এলাকায় ঘটা করে সংবর্ধনা নেওয়া। এর আগেও অনেকে সংবর্ধনা নিয়েছেন। কিন্তু তাঁরা ফুলের মালা ও ক্রেস্টে সন্তুষ্ট থাকলেও আ স ম ফিরোজ সেটি থাকতে পারেননি। তিনি সংবর্ধনা প্রদানকারীদের উদ্দেশে বলেছেন, ‘ক্রেস্ট চাই না, ক্যাশ বা নগদ টাকা চাই।’ একজন নবীন সাংসদ এ ধরনের কথাবার্তা বললে হয়তো অনভিজ্ঞতা হিসেবে চালিয়ে দেওয়া যেত। কিন্তু তিনি একজন অভিজ্ঞ সাংসদ। গত সংসদে হুইপের দায়িত্ব পালন করার পর দশম সংসদে চিফ হুইপের পদে আসীন হয়েছেন।
লোকলজ্জার বালাই থাকলে প্রকাশ্য সভায় সংবর্ধিত হয়ে কেউ সংবর্ধনাকারীদের কাছে এ রকম অদ্ভুত ও অনৈতিক অভিলাষ প্রকাশ করতে পারতেন না। চিফ হুইপ মহোদয় সংবর্ধনাকারীদের প্রদত্ত ক্রেস্টে যে খুশি হননি, সে কথা প্রকাশ্যেই বলেছেন। এমনকি তিনি সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট দেওয়ার সুযোগও দেননি। তাঁর চাই ক্রেস্ট নয়, ক্যাশ। কেন চাই, সে ব্যাখ্যাও দিয়েছেন এই চিফ হুইপ। নির্বাচন করতে যেহেতু প্রচুর টাকা দরকার, সেহেতু ক্রেস্টের বদলে নগদ টাকাই কাম্য। পরে তিনি প্রথম আলোর সঙ্গে টেলিফোনে আলাপকালে দলের জন্য টাকা চেয়েছেন বলে যে দাবি করেছেন, তাতে তাঁর অন্যায়ের মাত্রা বিন্দুমাত্র কমে না।
আগের চিফ হুইপ বদনাম কামিয়েছেন অনেক পরে। আর তিনি সংসদের বয়স কয়েক দিন পার না হতেই চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। আমাদের বাড়তি উদ্বেগের কারণ, এ রকম একজন ব্যক্তিকেই সংসদ নেত্রী সংসদ অধিবেশন পরিচালনার বা হুইপিংয়ের দায়িত্ব দিয়েছেন। যে জনপ্রতিনিধি নির্বাচিত না হতেই নির্বাচনী খরচ তুলে নেওয়ার জন্য দলীয় কর্মীদের কাছে প্রকাশ্য ‘ক্যাশ’ চান, সেই জনপ্রতিনিধি জনগণের কল্যাণে কী কাজ করবেন, তা বুঝতে অসুবিধা হয় না।
চিফ হুইপ যেভাবে সংবর্ধনা সভায় দলীয় নেতা-কর্মীদের হুইপিং করেছেন, সেই একই কায়দায় সংসদে হুইপিং করতে থাকলে জাতীয় সংসদের যেটুকু মান-মর্যাদা আছে, তা ধুলায় মিশে যেতে সময় লাগবে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে সংসদে সরকারি দলের কর্মকাণ্ড নজরদারির কাজটি বিরোধী দল করত; যা ‘অনুগত’ বিরোধী দলের কাছে আশা করা যায় না।
সংবর্ধনার নামে চিফ হুইপ যে কাণ্ড করেছেন, তা কেবল নিন্দনীয় নয়, বেআইনিও। যেখানে চিফ হুইপের এই আচরণে দলের নেতা-কর্মীরাও লজ্জিত, সেখানে সরকারি দল ও সংসদ নেতা তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেন, সেটাই দেখার বিষয়।
এই জনপ্রতিনিধিদের নিয়ে আমরা কী করব!