চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোর কাছে সরকার সম্ভবত জিম্মি হয়ে পড়েছে৷ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজে সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যোগাযোগমন্ত্রী হতাশা প্রকাশ করলেও কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি৷ উল্টো এই খেলাপি ঠিকদারি প্রতিষ্ঠানটিকেই পদ্মা সেতুর নদীশাসনের কাজ দেওয়া হচ্ছে৷ এই প্রতিষ্ঠানটির প্রতি সরকারের এই পক্ষপাত কেন?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজে সিনোহাইড্রোকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, চুক্তি অনুযায়ী তা শেষ করার কথা ছিল গত জানুয়ারিতে৷ তারা সে কাজ এখনো শেষ তো করতেই পারেনি, কাজের অগ্রগতিও চরম হতাশাব্যঞ্জক৷ গত মে মাস পর্যন্ত কাজের অগ্রগতি ছিল মাত্র ৩৫ ভাগ! এরই মধ্যে প্রতিষ্ঠানটি সময় বৃদ্ধির আবেদন করে তা মঞ্জুর করিয়ে নিয়েছে, এখন তারা বাড়তি ৫১১ কোটি টাকা দাবি করছে৷ নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ার পর এই বাড়তি অর্থ দাবি অযৌক্তিক বলেই মনে করি৷
চীনা এই প্রতিষ্ঠানটি এখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজ আটকে রেখে কাজ শেষ করার সঙ্গে পদ্মা সেতুর নদীশাসনের কাজ পাওয়ার বিষয়টিকে শর্ত হিসেবে তুলে ধরেছে৷ তারা জানিয়েছে, পদ্মা সেতুর কাজ পেলে চার লেনের কাজ শেষ করবে৷ যে প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে অর্ধেক কাজও শেষ করতে পারে না, সেই প্রতিষ্ঠানের যোগ্যতা ও দক্ষতার বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং সে জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি৷ অথচ সরকার এই অন্যায় শর্ত মেনে সিনোহাইড্রোকে পদ্মা সেতুর নদীশাসনের কাজ দেওয়ার পথে এগোচ্ছে৷
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার সঙ্গে দেশীয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানও জড়িত, তারা ইতিমধ্যেই তাদের কাজের ৭৪ শতাংশ শেষ করেছে৷ ফলে চীনা প্রতিষ্ঠানটির অদক্ষতা ও দায়িত্বহীনতার বিষয়টি প্রমাণিত৷ পদ্মা সেতুর নদীশাসনের কাজ পেয়ে যে প্রতিষ্ঠানটি একই কাজ করবে না, তার নিশ্চয়তা কী? এ অবস্থায় সরকারের উচিত সিনোহাইড্রোর কাছে জিম্মি না হয়ে চুক্তি অনুযায়ী কাজ শেষ করতে প্রতিষ্ঠানটিকে বাধ্য করা এবং এ ধরনের অভিজ্ঞতার পর নতুন আর কোনো কাজে প্রতিষ্ঠানকে কোনোভাবেই যুক্ত না করা৷