ছাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরু অঞ্চলে বরফের মধ্যে এসকিমোরা কুকুরে টানা স্লেজ গাড়িতে যাতায়াত করে। বাংলার মাটিতে এখন কলি যুগ। একালে এখানে অনেক কিছু ঘটবে যা সত্য, ত্রেতা বা দ্বাপর যুগে সম্ভব ছিল না। শুনেছি, কলি যুগে নাকি ছাগল দিয়ে ধান মাড়াই হবে। ছাগল নয়, এখন অনেক কৃষকই ধান মাড়াই করেন কলে। বাংলার মাটিতে আগে ছিল গরু, মহিষ ও ঘোড়ার গাড়ি; এখন সেগুলো অচল হয়ে গেছে, চালু হয়েছে ছাগলে টানা গাড়ি।
১৮ মার্চ এক জাতীয় দৈনিকের এক সচিত্র প্রতিবেদনে ছাগলে টানা গাড়ির কথা জানা গেল। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সে এক অভিনব ছাগলের গাড়ি। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার জন্য ক্লাস টু-এর ছাত্রীটিকে আর হাঁটতে হয় না। বাবার তৈরি সেই অভিনব
ছাগলের গাড়িতে চড়ে সে প্রতিদিন স্কুলে যায়, আবার ছুটির পর বাড়িতে ফেরে।... পোষা ছাগল গাড়ি টেনে প্রতিদিন এক কিলোমিটার পথ যাওয়া-আসা করে। ছাগলের টানা গাড়ি দেখতে উৎসুক মানুষ ছাত্রীর বাড়িতে ও স্কুলে সকাল-বিকেল ভিড় করছে। প্রায় দেড় বছর ধরে ছাগল দিয়ে ওই গাড়ি চালানো হচ্ছে। নিয়মিত ছাগলের গাড়িতে চড়ে ছাত্রী স্কুলে যাওয়া-আসা করে।’
ছাত্রীর বাবা ছাগলে টানা গাড়ির উদ্ভাবক একজন স্কুলশিক্ষক। প্রায় দুই বছর আগে আট হাজার টাকা দিয়ে খাসি ছাগলটি কিনেছিলেন। আমরা আনন্দিত যে দেড় বছরে তাঁর টাকা উশুল হয়ে গেছে। তাঁর সুস্থ সবল আদরের কন্যাটিকে কষ্ট করে হেঁটে এক কিলোমিটার দূরে শ্রান্ত-ক্লান্ত হয়ে স্কুলে যাতায়াত করতে হয় না।
বাংলাদেশ এখন প্রাক্-মধ্যম আয়ের দেশ। এখন আর এ মাটিতে কেউ কষ্ট করে পায়ে হাঁটবে না। পায়ের প্রয়োজন ফুরিয়ে গেছে। হাতটাই এখন কাজে লাগছে বেশি। বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হাতের এস্তেমালই হচ্ছে বেশি। পা এখন আর হাঁটার জন্য নয়, লাথি দিতেই বহুল ব্যবহূত। আগে বাংলার মাটিতে ছেলেমেয়েরা পাঁচ-সাত কিলোমিটার হেঁটে স্কুলে যেত।
ছাগলে টানা গাড়িতে যাতায়াত মানুষ উপভোগ করছে বলে প্রতিবেদনে জানা গেল। পৃথিবীর কোটি কোটি পুরুষের এক কালের বক্ষ কাঁপানো অভিনেত্রী ব্রিজিৎ বার্দোৎ ছাগল দিয়ে গাড়ি টানাতে দেখলে নিশ্চয়ই কেঁদে দিতেন। মানুষ ছাগলের কাজটি উপভোগ করছে, তার ক্লেশটি উপলব্ধি করছে না।
গৃহপালিত পশুর মধ্যে ছাগল অতি অবহেলিত প্রাণী। কাবাব থেকে শুরু করে মাটনের বিভিন্ন রেসিপি যাঁদের অতি প্রিয়, তাঁরাও ছাগলের মর্যাদা দেন না। পৃথিবীতে ছাগলের মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন, তিনি মহাত্মা গান্ধী।
গুজরাটি গান্ধীজির পরে আর একজন বুঝেছিলেন ছাগলের মূল্য। তিনি বাঙালি। বিভিন্ন বিষয়ে বিশ্ব রেকর্ড করার প্রবল আকাঙ্ক্ষা বাঙালির। প্রথম বিশ্ব রেকর্ড দুর্নীতিতে। আমাদের এক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ছাগল দিয়ে বিশ্ব রেকর্ড করতে চাইলেন। প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন দেশের উন্নতির পথ একটাই—ছাগলের বংশবৃদ্ধি। প্রকল্প নিলেন: ‘ব্ল্যাক বেঙ্গল গোট প্রজেক্ট’। আমি তার নাম দিয়েছিলাম ‘বঙ্গীয় কালো ছাগল প্রকল্প’।
আমরা সাধারণত দুই রকম ছাগলকে জানি: পাতি ছাগল ও রাম ছাগল। রাম ছাগলকে ভারতে অনেকে বলেন ‘যমুনাপারি’—ওগুলো প্রধানত মধ্যপ্রদেশে হয়। তবে আমাদের দেশে বড় আকারের পাটনাই ছাগলের প্রজাতিও দেখা যায়। যমুনাপারি ও পাটনাই দিয়ে গাড়ি টানানো সম্ভব।
দ্বিপদ ছাগলসহ আমাদের দেশে বহু রকমের ছাগলই রয়েছে। তবে বেশি দেখা যায় চতুষ্পদ ব্ল্যাক বেঙ্গল গোট এবং হোয়াইট বেয়ার্ডেড বেঙ্গল। এগুলোর দাড়ি সাদা ও ধূসর। গায়েরও নানা রং। কালো, বাদামি, সাদা-কালো চক্কর। ব্ল্যাক বেঙ্গলের রং কালো মিশমিশে।
ব্ল্যাক বেঙ্গল প্রজেক্টের সময় থেকেই বাংলায় ছাগলের প্রাধান্য বাড়তে থাকে। তখন দেখা যেত, ডিসির বাংলোর সামনে ছাগল। উপজেলা নির্বাহী অফিসারের বারান্দায় ছাগল, মন্ত্রীরা ঢাকা থেকে কোনো এলাকায় সফরে গেলে প্রথম তাঁকে ভ্যা ভ্যা করে অভ্যর্থনা জানায় ছাগল। সরকারি দলের সাংসদ ও পদস্থ কর্মকর্তাদের সফরসঙ্গী হয়ে তাঁদের পাজেরোতে যাতায়াত করত ছাগল।
জড়বুদ্ধিসম্পন্ন যেকোনো জাতির জাতীয় পশু হওয়ার যোগ্যতা রাখে ছাগল। মনুষ্যত্বের বদলে ছাগলামি যে জনগোষ্ঠীর বৈশিষ্ট্য, তার
জাতীয় পশু ছাগল ছাড়া অন্য কোনো প্রাণী হতেই পারে না। মানুষের মধ্যে যারা চরম অন্যায়-অবিচার হতে দেখেও প্রতিবাদ না করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, তাদের ছাগল ছাড়া অন্য কিছু বলা যায় না। অন্যদিকে প্রবল ক্ষমতার অধিকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মনে করেন তাঁরা ছাড়া অন্য সবাই ছাগল—তাঁদের সেই ধারণাটাও ভুল। ছাগলেরই একটি শ্রেণী পাঁঠা। পাঁঠার গুঁতায় বহু মানুষ করেছে দেহত্যাগ।

সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।