
বিশ্ববিদ্যালয়ে পড়াই। বিদ্যার্থীদের সঙ্গে আমাদের সম্পর্ক আনুষ্ঠানিক নয়। ছাত্ররা আমাদের সন্তানের মতো, বন্ধুর মতো। প্রাচ্যরীতি অনুযায়ী প্রাচীনকাল থেকে ছাত্র-শিক্ষক সম্পর্ক এমনই। টোল থেকে শুরু করে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও ছিল প্রধানত গুরুমুখী। আজকের শিক্ষাব্যবস্থায় অনেক পরিবর্তন এলেও ছাত্র-শিক্ষক সম্পর্ক এগোচ্ছে শিক্ষার সেই পুরোনো প্রাচ্য-দর্শনের হাত ধরেই।
মত ও পথের ভিন্নতা সত্ত্বেও ছাত্র-শিক্ষক সম্পর্কের এই ধারাকে ভিত্তি করেই আমরা শিক্ষকেরা শ্রেণীকক্ষের বাইরে ছাত্রদের সঙ্গে খেলার মাঠে যাই, নানা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে একাত্ম হই। দেশ-জাতি-মানুষের বৃহত্তর কল্যাণ এবং রাজনৈতিক-সামাজিক-মানবিক বিপর্যয়ে ছাত্র-শিক্ষক হাত ধরাধরি করে দাঁড়ানোও আমাদের ঐতিহ্য। পাঠ্যসূচিবহির্ভূত এই কর্মকাণ্ড শিক্ষাকে লক্ষ্যচ্যুত করেনি কখনো, বরং অর্থবহ করেছে। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, এগারো দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব ক্ষেত্রে অগ্রভাগে ছাত্র-শিক্ষক।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছাত্রদের ফুঁসে ওঠার কালেও আমরা ছাত্রদের সঙ্গে ছিলাম। তাদের সঙ্গে আমরা শিক্ষকেরা কারাগারেও গেছি কেউ কেউ। দেশব্যাপী ছাত্র-তরুণদের নবপর্যায়ের গণজাগরণেও আমরা তাদের সঙ্গে আছি পথে। সব শেষ এই তো সেদিন হিন্দুধর্মাবলম্বীদের ওপর সহিংস হামলার প্রতিবাদে আমরা ছাত্রদের সঙ্গেই রাস্তায় দাঁড়ালাম।
কিন্তু এবার মনে হচ্ছে, আমরা ছাত্রদের পাশে নয়, মুখোমুখি দাঁড়িয়ে গেলাম। শিক্ষকতা জীবনের ৩৩ বছরে এমন অভিজ্ঞতা এই প্রথম। মুখোমুখি দাঁড়িয়েছি, না দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেটাও প্রশ্ন বটে।
২ ফেব্রুয়ারি কী কারণে এবং কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, তা সংবাদ-মাধ্যমের কল্যাণে দেশবাসী জেনেছেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলে পড়া, অস্ত্রধারী ছাত্রদের নজিরবিহীন অস্ত্র প্রদর্শন এবং এ রকম একটি অবস্থার সুযোগ নেওয়ার জন্য যারা ওত পেতে বসে ছিল, তাদের উদ্দেশ্যসিদ্ধির কাহিনিও ব্যাপক আলোচিত হয়েছে এবং হচ্ছে। সরকার আন্তরিক হলে শিক্ষাঙ্গনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য স্পর্শকাতর এই ঘটনার পেছনের কারণ ও দায় নিজেদের প্রয়োজনেই হয়তো নিরূপণের চেষ্টা করবে। কিন্তু বাহ্যিক এসব ঘটনার সঙ্গে ভেতরের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেচনার আছে এবং এগুলো যে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্যা নয়, তা-ও উপলব্ধি করা জরুরি।
অনেকেই হয়তো শুনেছেন ও দেখেছেন, ঘটনার দিন একটি টিভি চ্যানেলের খবরে একজন সাধারণ ছাত্রীর কণ্ঠ (টিভি সংবাদের পরিভাষায় এ ধরনের কণ্ঠকে বলে ‘ভক্সপপ’ বা ‘ভয়েস অব পিপল’) বারবার উচ্চারিত হয়েছে। ছাত্রীটির বক্তব্য এমন: ‘আমাদের এক স্যার বলেছেন, “তোমাদের পড়িয়ে আমরা একটা ভালো জুতা পর্যন্ত কিনতে পারি না।” ওই স্যারকে বলছি, আপনি যদি ভালো জুতা-জামা কিনতে চান, তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে যান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবেন না।’ আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকের মনের কথাও যে ওই ছাত্রীটির মতোই, তা বুঝতে কষ্ট হয় না।
নানা বিষয়ে বিশেষ করে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিদ্যার্থীদের আন্দোলন নতুন নয়। এসব আন্দোলন হয় মূলত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের বিরুদ্ধে। কখনো শিক্ষার্থীরা এতে সফল হয়, কখনো হয় প্রশাসন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের মুখোমুখি দাঁড়িয়েছে। বোঝা যায়, তাদের আপত্তির মূল কারণ সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স। ছাত্রছাত্রীদের অনেক সন্দেহ এই সান্ধ্য কোর্সকে ঘিরে। তারা মনে করে, এতে মূলধারার শিক্ষা অবহেলিত থেকে যাবে, শিক্ষকেরা মূল ধারার পাঠদানে সময় কম দেবেন, শিক্ষাসহায়ক কর্মকাণ্ডেও তাঁদের পাওয়া যাবে না। এ ছাড়া অল্প পরিশ্রমে বিশ্ববিদ্যালয় থেকে একই ডিগ্রি নিয়ে বেরোবে সান্ধ্য কোর্সের বিদ্যার্থীরা। আর শিক্ষা শেষ পর্যন্ত ‘ব্যবসায়’-এ রূপ নেবে। তাদের এসব সন্দেহের বিপরীতে অনেক যুক্তি দাঁড় করানো যাবে, কিন্তু শিক্ষার্থীদের মনের মধ্যে এমন গুরুতর সন্দেহ জিইয়ে রেখে শিক্ষা এগোবে কি না, তাও ভাবার বিষয়।
দ্বিতীয় বক্তব্যটি এসেছে একই দিন ওই টিভি চ্যানেলেরই রাতের টক শোতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক টক শোর সঞ্চালককে প্রশ্ন করতে গিয়ে নির্মম সত্যটি উচ্চারণ করেছেন: ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যা বেতন পাই, তা দিয়ে ঢাকা শহরে একটা সাধারণ বাসা ভাড়া করে থাকাই সম্ভব হয় না। থাকা-খাওয়ার চিন্তা মাথায় থাকলে পড়াব কী করে?’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে মাস্টার্স পর্যায়ে ১০ বছর হলো সান্ধ্য কোর্স চালু আছে। এসব কোর্সে পড়তে হলে মূলধারার চেয়ে অনেক বেশি করে বেতন-ফি দিতে হয়। সন্ধ্যাকালীন কোর্সে আমি কোনো ক্লাস নিই না। কিন্তু আমার সহকর্মীরা যাঁরা এই কোর্স পড়ান, তাঁরা কোনো বেআইনি কাজ করছেন, এমন কথা বলা চলে না। বিশ্ববিদ্যালয়ের আইনের আওতায় থেকেই সংশ্লিষ্ট শিক্ষকেরা অতিরিক্ত এসব ক্লাস নিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বৃদ্ধির তাগিদ থেকে বিভিন্ন বিষয়ে নতুন করে সান্ধ্য কোর্স খোলার ব্যাপারে সম্মতি জানাচ্ছে। কিন্তু এই ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের বিপুল ব্যয়ের তুলনায় আয় কতটা বাড়বে, সে বিষয়ে সন্দেহ রয়ে যাচ্ছে বিস্তর।
সান্ধ্য কোর্সে যেসব শিক্ষক পড়ান, তাঁরা তাঁদের পরিশ্রমের বিনিময়ে অন্যদের তুলনায় কিছুটা বাড়তি আয় করার সুযোগ পান। কিন্তু ইচ্ছা থাকলেও সব শিক্ষকের বেলায় এ ধরনের বাড়তি আয়ের সুযোগ নেই। কেননা, সান্ধ্য কোর্সগুলো চলে বাজারের চাহিদা অনুযায়ী। সব বিষয়ের ক্ষেত্রে এই চাহিদা সমান নয়। অনেক বিষয়ে বিদ্যার্থীদের আদৌ আগ্রহ নেই। বাংলা সাহিত্য, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বা বিজ্ঞান এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিষয় অথবা কৃষি অনুষদের অনেক বিষয়ে তাই সান্ধ্য কোর্স চালুর সুযোগ থাকছে না। এসব হিসাব বিবেচনায় নিলে দেখা যায়, একই বিশ্ববিদ্যালয়ের হওয়া সত্ত্বেও প্রায় ৭০ ভাগ শিক্ষকের সান্ধ্য কোর্সের মাধ্যমে বাড়তি রোজগারের উপায় নেই। কাজেই কারও কারও জন্য এ ধরনের বৈষম্যমূলক বাড়তি আয়ের সুযোগ উচ্চশিক্ষার সার্বিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ ওই শিক্ষকের বক্তব্য শিক্ষকদের সম্মানজনক আয়ের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে। কিন্তু সান্ধ্য কোর্সের মাধ্যমে এ সমস্যার সমাধান আশা করা যায় না। এ ক্ষেত্রে শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামোর কোনো বিকল্প নেই। উন্নত দেশ, এমনকি দক্ষিণ এশিয়ায় আমাদের চেয়ে দরিদ্র দেশেও শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামো রয়েছে। গত পাঁচ বছরে বর্তমান প্রধানমন্ত্রী বেশ কয়েকবার শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামোর উল্লেখ করেছেন। একই কথা বলেছেন অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। বোঝা যায়, শিক্ষকদের জন্য আলাদা করে বেতন দিতে সরকারের যথেষ্ট আগ্রহ আছে। কেবল আগ্রহ নেই শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট ফেডারেটিভ বডিগুলোর। কেন আগ্রহ নেই সে এক রহস্য বটে!
শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামো ঘোষণা বা তাঁদের সম্মানজনক বেতন দিলেই যে সান্ধ্য কোর্স সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়।
এ ক্ষেত্রে মূলধারার শিক্ষার্থীদের আস্থায় আনাটাও জরুরি। কেননা, চিরন্তন ছাত্র-শিক্ষক সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে সান্ধ্য কোর্স চালু করতে গেলে শিক্ষাব্যবস্থাই মুখ থুবড়ে পড়তে পারে। উচ্চশিক্ষার বাড়তি চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের একই অবকাঠামো ব্যবহার করা গেলে সরকারের ব্যয় কমতে পারে—কেবল এমন ধারণাই যথেষ্ট নয়।
কীভাবে মূলধারার শিক্ষাকে ব্যাহত না করে অবকাঠামো ব্যবহার করা যায়, তা বিশদভাবে ভাবতে হবে। শিক্ষকেরা মূলধারার শিক্ষায় এবং শিক্ষাসহায়ক কর্মকাণ্ডে কতটা সময় দেবেন, যেসব শিক্ষকের সান্ধ্য কোর্সে পড়ানোর সুযোগ নেই তাঁদের মনোভাব কী হবে—এসব বিষয় বিবেচনার পাশাপাশি সান্ধ্য কোর্সের সিলেবাস নিয়েও ভাবা দরকার। একই বিষয়ের মাস্টার্সের জন্য ক্লাস পৃথক হলেও সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্র একই হওয়া বাঞ্ছনীয় (বিশেষ ক্ষেত্র ব্যতিরেকে)। সাধারণ কোর্স আর সান্ধ্য কোর্সের মধ্যে বেতন-ফির পার্থক্য বিষয়েও ভাবা জরুরি। কেবল উচ্চবিত্তরা সান্ধ্য কোর্সে পড়ার সুযোগ পাবে অথচ নিম্নবিত্ত বা সাধারণ চাকরিজীবী সে অধিকার থেকে বঞ্চিত হবে—এটা কাম্য নয়।
বিষয়টি কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়। আন্দোলনের মাধ্যমে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কর্মসূচি বন্ধ হয় আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তা চালু থাকে, তাহলে সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না। সংশ্লিষ্ট সব পক্ষকে জাতীয়ভাবে বিষয়টি নিয়ে ভাবতে হবে। আর এই ভাবনায় যে কথাটি মাথায় রাখা সবচেয়ে বেশি জরুরি তা হলো, ছাত্র-শিক্ষককে মুখোমুখি করে শিক্ষা কখনোই এগোবে না।
মলয় ভৌমিক: অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নাট্যকার।