ছাত্রলীগ-যুবলীগসহ ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনগুলোর নামে কিছু মানুষ যখন নানা অন্যায়-অপরাধমূলক কর্মকাণ্ড লিপ্ত হন, তখন তাঁরা আসলে দেশের আইন প্রয়োগের ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখান।
জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠানের মতো জাতীয় গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠানে কিছু অস্ত্রধারী লোক গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অবরুদ্ধ করে কাজ আদায়ের চেষ্টা করতে পারেন—আইন-আদালত আছে, এ রকম একটা দেশে এহেন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। গতকাল মঙ্গলবারের প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে এর যে বিবরণ আছে, তাতে যদি সরকারের নীতিনির্ধারকদের টনক না নড়ে, তাহলে সরকারি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করাই অসম্ভব হয়ে উঠতে পারে।
ভিটামিন এ প্লাস সম্পর্কে সংবাদপত্রে প্রচারণামূলক ক্রোড়পত্র প্রকাশের কাজ পাওয়ার জন্য কিছু তরুণ-যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠানে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখাচ্ছেন বেশ কয়েক দিন ধরে। একদল গিয়ে দাবি করছে, তারা স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী; আরেক দল দাবি করছে, তারা তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতা-কর্মী। উভয় পক্ষের দাবি, ৬৫ লাখ টাকার কাজটি তাদেরই দিতে হবে। তারা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে সরকারি প্রতিষ্ঠানে গিয়ে কর্মকর্তাদের এভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগ না পাওয়ায় তাঁরা কোনো ব্যবস্থা নেননি। কিন্তু ওই প্রতিষ্ঠানের কেউই যদি প্রাণের ভয়ে থানায় অভিযোগ করার সাহস না পান, তাহলে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কিছুই করার নেই?
ছাত্রলীগ-যুবলীগ কিংবা তাদের পরিচয়ধারী ব্যক্তিদের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধের খবর সারা দেশ থেকেই পাওয়া যাচ্ছে। তাঁরা নিজেদের মধ্যেও সংঘর্ষে লিপ্ত হন। যেমন, গত রোববার রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী পরিচয়ে যাঁরা নিজেদের সব আইনের ঊর্ধ্বে বলে মনে করেন, সরকারের দায়িত্ব তাঁদের প্রতিটি অন্যায়-অপরাধের ঘটনায় আইন প্রয়োগের মধ্য দিয়ে জনমনে আইন প্রয়োগের ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা। জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠানে যাঁরা দুর্বৃত্তপনা করছেন, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।