ব্যবসায়িক প্রতিষ্ঠান সিকদার গ্রুপ কুয়েত মৈত্রী হলে নিজেদের অর্থে একটি ভবন নির্মাণ করে দিতে চেয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের স্ত্রীর নামে ভবনটির নামকরণ হবে এই শর্তে। শিক্ষার্থীদের সিট-সংকট যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় সমস্যা, তাই এ ধরনের প্রস্তাব গ্রহণ করাই সংগত। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই কাজটিই করেছে। ভবন নির্মাণের জন্য সিকদার গ্রুপ কামরুল অ্যান্ড অ্যাসোসিয়েটকে নিয়োগ দিয়েছে। এসব কোনো কিছুতেই সমস্যা নেই। কিন্তু সিকদার গ্রুপ যেমন কিছু শর্তের বিনিময়ে অনুদান হিসেবে ভবন নির্মাণ করে দিতে চেয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও কি কিছু শর্ত থাকা প্রয়োজন ছিল না? বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত একটি হলে একটি ভবন নির্মিত হবে, সেটার মান বা ডিজাইন অনুমোদনের কোনো ব্যাপার থাকবে না?
বিশ্ববিদ্যালয়ে যখন কোনো ভবন তৈরি হয়, তখন একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তা অনুমোদন করিয়ে নিতে হয়। কিন্তু এই ভবনের ক্ষেত্রে তা করা হয়নি। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কেউ কিছু করে দিতে চাইলেই কি কর্তৃপক্ষের বগল বাজাতে হবে? তারা যা বানিয়ে দেবে তা-ই গ্রহণ করতে হবে? কোনো ধরনের শর্ত ও তদারকি ছাড়া এই ভবন নির্মাণ করতে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। কারও গাফিলতি বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই নিতে হবে।
সিকদার গ্রুপ যদি মহৎ উদ্দেশ্যেই অনুদান দিয়ে থাকে, তবে ভবন নির্মাণ নিয়ে এত দায়িত্বহীনতা কেন? বুয়েটের শিক্ষকেরা ভবনটি পরিদর্শন করে বলেছেন, ‘নিম্নমানের নির্মাণ ও ত্রুটিজনিত নকশার’ কারণে ভবনটিতে ফাটল ধরেছে। নিজেদের নিয়োজিত প্রতিষ্ঠানের এমন নির্মাণকাজের দায়িত্ব সিকদার গ্রুপকেই নিতে হবে। তবে তারা যদি ‘ভিক্ষার চালের আবার কাঁড়া-আকাঁড়া’ এই মানসিকতা নিয়ে অনুদান দিয়ে থাকে, তবে এ ধরনের কাজে এগিয়ে না আসাই ভালো।